জঙ্গি কার্যকলাপ সন্দেহের অভিযোগে পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হওয়া হামিম মণ্ডলকে ঘিরে তদন্তে এবার নতুন মোড়। হামিম ঘনিষ্ঠ পরিচিত তথা বান্ধবী অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। তদন্তকারী সংস্থার দাবি, হামিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল ওই তরুণীর। (West Bengal News)
তদন্তে কী উঠে আসছে?
STF সূত্রে জানা গিয়েছে, হামিমের মোবাইল ও অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখতে গিয়ে অর্পিতার সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপে দীর্ঘ কথোপকথনের সূত্র মিলেছে। সেই সূত্র ধরেই ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, অর্পিতাকে ব্যবহার করে বাংলার কয়েক জন প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক নেতার সঙ্গে যোগাযোগ গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। (West Bengal News)
‘হানিট্র্যাপ’-এর কী অভিযোগ ?
তদন্তকারী সংস্থার দাবি, প্রথমে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তিদের দৈনন্দিন চলাফেরা, ব্যক্তিগত তথ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা চলত। পরে সেই তথ্য হামিম মণ্ডলের কাছে পৌঁছে দেওয়া হত বলে সন্দেহ করা হচ্ছে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোনও হামলার ছক কষা হয়েছিল কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি। (West Bengal News)
কী ভাবে ধরা পড়ে হামিম?
শুক্রবার সকালে পূর্ব বর্ধমানের একটি আবাসনের জিম থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে STF। তদন্তকারীদের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। হামিমের পরিবারের আদি বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার দীর্ঘনগর গ্রামে হলেও দীর্ঘদিন ধরে পরিবারটি হাওড়ার পিলখানা এলাকায় বসবাস করছিল। সম্প্রতি তারা বর্ধমানের ওই আবাসনে ভাড়া থাকছিল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই ফ্ল্যাটটি তালাবন্ধ অবস্থায় রয়েছে। (West Bengal News)
হতবাক আবাসনের বাসিন্দারা
হামিমের গ্রেফতারের পর আবাসনের বাসিন্দাদের অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের দাবি, পাশের ফ্ল্যাটে থাকা যুবকের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ রয়েছে, তা কোনওদিন বুঝতেই পারেননি। এদিকে হামিম ও অর্পিতার যোগসূত্র, সম্ভাব্য নেটওয়ার্ক এবং তথ্য সংগ্রহের উদ্দেশ্য খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করেছে STF। (West Bengal News)
আরও পড়ুন :- বীরভূম কাণ্ডে ৩০০ বিঘা জমি ও ২৪২টি গাড়ি বাজেয়াপ্ত, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী












