রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গোয়ালপোখরে অ্যাসিড হামলা, জখম পাঁচ যুবতী ও শিশু

Published on: August 21, 2026
---Advertisement---

ফের অ্যাসিড হামলার ঘটনা। এবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে। বাড়ির সামনে টোটো থেকে নামার সময় পাঁচ যুবতী ও এক শিশুর উপর অ্যাসিড বা অ্যাসিডজাতীয় তরল ছোড়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার গোয়ালপোখর থানার পোখরিয়া গ্রাম পঞ্চায়েতের কাজি বস্তি এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। (Acid Attack)

মাজার থেকে ফেরার পথে হামলা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লস্করগাঁও এলাকার একটি মাজার থেকে টোটো করে বাড়ি ফিরছিলেন কয়েকজন। কাজি বস্তির রঘুয়াপাড়ায় বাড়ির সামনে টোটো থেকে নামছিলেন তাঁরা। সেই সময় পেছন থেকে বাইকে করে দুই যুবক আসে। অভিযোগ, তাঁরা যাত্রীদের লক্ষ্য করে অ্যাসিড বা অ্যাসিডজাতীয় তরল ছুড়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। (Acid Attack)

হামলায় পাঁচ যুবতী এবং এক শিশু আক্রান্ত হয়। তাঁদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক যুবতীর মুখ ও চোখে গুরুতর আঘাত লাগে। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

‘সামনে এলে চিনতে পারব’

আক্রান্ত এক যুবতীর বাবা শাহ আলম জানান, বাইকে আসা দু’জন তরল ছোড়ার পর বলে যায়, ‘এই যে অ্যাসিড ফেলে দিলাম, তোমরা বুঝতে থাকো।’ এরপর তারা আমলহাটের দিকে চলে যায়। হামলাকারীদের তিনি চিনতে পারেননি। তবে সামনে এলে চিনতে পারবেন বলে জানান। তাঁর অনুমান, অভিযুক্তরা এলাকার বাইরের বাসিন্দা হতে পারে। ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। তিনি ঘটনার পূর্ণ তদন্তের দাবি করেছেন। (Acid Attack)

তদন্তে পুলিশ

স্থানীয় পঞ্চায়েত সদস্য চান্দু মুর্মু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখেন। তিনি বলেন, এমন ঘটনা এলাকায় আগে শোনা যায়নি। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। পুলিশ প্রশাসনের উপর তাঁর আস্থা রয়েছে বলেও জানান।

আক্রান্তদের আত্মীয় শামীম আখতার জানান, খবর পেয়ে তিনি ইসলামপুর মহকুমা হাসপাতালে আসেন। তাঁর কথায়, বড় মেয়েটির মুখ ও চোখে গুরুতর চোট লেগেছে। আরও কয়েকজন যুবতী ও একটি শিশুর হাত ও শরীরের বিভিন্ন অংশে তরল লাগে। (Acid Attack)

ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। কেন এই হামলা, কারা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন :- কলকাতার আগুনে মৃত্যুর মুখ থেকে ফিরলেন বাংলাদেশি উদ্যোক্তা, শেয়ার করলেন অভিজ্ঞতা


Ranita Saha

নতুন নতুন বিষয় জানার ইচ্ছে থেকেই সাংবাদিকতার পেশায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার স্নাতকোত্তরের ছাত্রী। কলেজ জীবন থেকে বিভিন্ন পত্রপত্রিকার লেখালেখি শুরু। বাংলা, ইংরেজির পাশাপাশি হিন্দিতেও স্বচ্ছন্দ। রাজনীতি ছাড়াও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং বিনোদন সংক্রান্ত খবর লিখতে ভালো লাগে। অবসর সময়ে বই একমাত্র বন্ধু। পড়ালেখার পাশাপাশি গান, নাচ এবং আঁকা ভালোবাসার বিষয়।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment