আকাশের মুখ ভার। নিম্নচাপের জেরে ফের বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। কোথাও মুষলধারে বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূ্র্বাভাস দিয়েছে ঙাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ডের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় এটি পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম দিকে সরে যাবে। (Weather Update)
সকালেই ভিজল কলকাতা
মঙ্গলবার সকালেই কলকাতায় বৃষ্টির পরিমাণ ৭০ মিলিমিটারে পৌঁছেছে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আজ, মঙ্গলবার কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূমে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। মৎস্যজীবীদের জন্যও সতর্কতা জারি রয়েছে। আগামী ২৪ ঘণ্টা সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকবে। (Weather Update)
বুধবার থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। অন্য জেলাগুলির কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম থাকবে। তবে আগামী সাত দিন বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।
উত্তরবঙ্গেও নজরদারি
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট থাকছে। আজ মালদা, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে একই সতর্কতা থাকবে। (Weather Update)
বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে রয়েছে হলুদ সতর্কতা। শুক্রবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং শনিবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকবে।








