রাজ্য খেলার দুনিয়া দেশ মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভাদ্রের বৃষ্টিভেজা অন্ধকার রাতেই ধরায় এসেছিলেন শ্রীকৃষ্ণ, জানুন প্রভুর জন্মকথা

Published on: September 4, 2026
Janmashtami
---Advertisement---

আজ জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি অত্যন্ত পবিত্র, কারণ এই তিথির গভীর নিশীথে মথুরার কারাগারে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই থেকেই ভক্তরা প্রতি বছর মহাসমারোহে পালন করেন এই বিশেষ দিন।

Janmashtami: কৃষ্ণের জন্মকথা

পুরাণের বর্ণনায়, সেই সময় অন্যায় ও অত্যাচারে ভারাক্রান্ত হয়ে উঠেছিল পৃথিবী। অসুর শক্তির দাপটে ত্রস্ত ছিল মানুষ। মথুরার রাজা কংসের অত্যাচারও তখন চরমে। কংসের কারাগারে বন্দি ছিলেন দেবকী ও তাঁর স্বামী বসুদেব। এমনই এক অন্ধকার রাতে তাঁদের অষ্টম সন্তান হিসেবে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ।

শ্রীমদ্ভাগবতে বলা হয়েছে, নিশীথে চারদিক যখন গভীর অন্ধকারে আচ্ছন্ন, তখন দেবকীর গর্ভ থেকে আবির্ভূত হন স্বয়ং জনার্দন। তাঁর আবির্ভাবকে তুলনা করা হয়েছে পূর্ব আকাশে উদিত পূর্ণচন্দ্রের সঙ্গে।

কেমন ছিল শ্রীকৃষ্ণের সেই নবজাতক রূপ?

বিশ্বাস অনুযায়ী, সাধারণ মানবশিশুর মতো তাঁর জন্ম হয়নি। দেবকী ও বসুদেবের সামনে তিনি প্রথমে প্রকাশিত হন চতুর্ভুজ রূপে। তাঁর চার হাতে ছিল শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। বর্ষার মেঘের মতো শ্যামবর্ণ দেহ, বক্ষে শ্রীবৎস চিহ্ন এবং গলায় উজ্জ্বল কৌস্তুভ মণি—ঐশ্বরিক রূপে তাঁকে দেখে বসুদেব বুঝতে পারেন, স্বয়ং নারায়ণ তাঁদের সন্তান হিসেবে আবির্ভূত হয়েছেন।

জন্মাষ্টমীতে নাড়ুগোপালকে কেন দেওয়া হয় ৫৬ ভোগ? জানুন পৌরাণিক কাহিনি ও নিয়ম

কিন্তু ঈশ্বরের এই অলৌকিক রূপ দেখেও মাতৃহৃদয় তখন আনন্দের পাশাপাশি আশঙ্কায় কাঁপছিল। কংসের হাতে আগের সন্তানদের হারানোর যন্ত্রণা দেবকীর মনে তখনও তাজা। তাই সদ্যোজাত সন্তানকে কংসের অত্যাচার থেকে রক্ষা করার জন্য তিনি ব্যাকুল হয়ে ওঠেন।

দেবকীর কাতর প্রার্থনা ছিল, ঈশ্বর যেন তাঁর ঐশ্বরিক রূপ আড়াল করে সাধারণ শিশুর রূপ ধারণ করেন। মায়ের এই আকুতি উপেক্ষা করতে পারেননি পরমেশ্বর। তাঁর যোগমায়া শক্তির প্রভাবে চতুর্ভুজ রূপ সংবরণ করে তিনি এক সুন্দর সাধারণ মানবশিশুর রূপ ধারণ করেন। (Janmashtami)

এরপর শুরু হয় সেই ঐতিহাসিক যাত্রা, জন্মদাত্রীর কোল ছেড়ে যশোদা মায়ের ঘরের উদ্দেশ্যে রওনা দেন প্রভু। আজ জন্মাষ্টমীতে তাই শ্রীকৃষ্ণের আবির্ভাবকে শুধু উৎসব হিসাবে নয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় এবং অন্ধকারের মধ্যে আলোর আবির্ভাবের প্রতীক হিসেবেও স্মরণ করা হয়।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

4 thoughts on “ভাদ্রের বৃষ্টিভেজা অন্ধকার রাতেই ধরায় এসেছিলেন শ্রীকৃষ্ণ, জানুন প্রভুর জন্মকথা”

Leave a Comment