আকাশে মেঘ। কোথাও ঝমঝমিয়ে বৃষ্টি, কোথাও আবার হঠাৎ বজ্রপাত। বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবিটা এমনই হতে পারে। একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই তিন জেলায় আজ বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। (Weather Update)
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
কলকাতাতেও বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে। পাল্লা দিয়ে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি।
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে না। (Weather Update)
শুক্রবার থেকে উত্তরবঙ্গে ফের বৃষ্টি
উত্তরবঙ্গে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। তবে শুক্রবার থেকে ফের বদলাবে আবহাওয়া। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে জারি থাকবে হলুদ সতর্কতা। সোমবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে। (Weather Update)
বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা
এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন আবহাওয়া ব্যবস্থা। শুক্রবার উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমী অক্ষরেখাও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী কয়েক দিনে ফের বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। (Weather Update)










