সাধারণত নতুন iPhone বাজারে এলে পুরনো মডেলের দাম কমে। আর এই সময়ই অনেকে কম দামে পুরোনো iPhone মডেলগুলি কিনতে চান। কিন্তু এ বার সেই চেনা ছক বদলে দিয়েছে Apple। সম্প্রতি iPhone 18 Pro, iPhone 18 Pro Max এবং প্রথম ফোল্ডেবল iPhone Duo লঞ্চের দিনই ভারতে একাধিক পুরনো iPhone-এর দাম বাড়িয়ে দিয়েছে সংস্থা। ব্যাস তাতেই মাথায় হাত অনেকের। যাঁরা এতদিন বিভিন্ন পুরোনো iPhone মডেল উইসলিস্ট করে রেখেছিলেন তাঁরা দেখছেন রাতারাতি দাম বেড়েছে সেই সব ফোনের।
iPhone Price Hike: কতটা বাড়ল পুরনো iPhone-এর দাম?
নতুন দামের তালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে iPhone 17। আগে যার দাম ছিল ৮২,৯০০ টাকা, সেটিই এখন ৯৯,৯০০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় ১৭ হাজার টাকা দাম বেড়েছে। iPhone 16-এর দাম বেড়েছে ২০ হাজার টাকা এবং iPhone 17e-এর দাম বেড়েছে ১৫ হাজার টাকা।
সবচেয়ে বেশি দাম বেড়েছে iPhone Air-এর। ৩০ হাজার টাকা বেড়ে সেটির দাম এখন ১,৪৯,৯০০ টাকা। ফলে নতুন iPhone আসার পর পুরনো মডেল সস্তা হওয়ার বদলে আরও দামি হয়ে গেল।
AI-এর জন্যই কি বাড়ছে iPhone-এর দাম?
এই হঠাৎ মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হলো ‘চিপফ্লেশন’, অর্থাৎ চিপের দাম বাড়ার প্রভাব। স্মার্টফোনে ব্যবহৃত DRAM এবং NAND মেমরি চিপ এখন AI ডেটা সেন্টারেও বিপুল পরিমাণে প্রয়োজন হচ্ছে। জেনারেটিভ AI-এর জন্য তৈরি হওয়া বিশাল ডেটা সেন্টারগুলিতে প্রচুর মেমরি ব্যবহার হচ্ছে। ফলে চাহিদা বেড়েছে, কিন্তু রাতারাতি নতুন চিপ তৈরির ক্ষমতা বাড়ানো সম্ভব নয়।
TrendForce-এর হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ২৫৬ জিবি iPhone 18 Pro তৈরির খরচ আগের বছরের তুলনায় প্রায় ৩৮ শতাংশ বাড়তে পারে। এর মধ্যে মেমরি বাড়াতেই খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অর্থাৎ AI-এর চাহিদা শুধু পরিষেবাকেই নয়, সাধারণ স্মার্টফোনের দামকেও প্রভাবিত করছে।
৩ লাখি ফোল্ডেবল ফোন, iPhone 18 সিরিজে চমক Apple-এর
Apple-এর সামনে আরেক নতুন সমীকরণ
মেমরি ও স্টোরেজের দাম বাড়ার চাপের কথা Apple আগেই জানিয়েছিল। একই কারণে MacBook এবং iPad-এর কয়েকটি মডেলের দামও বাড়ানো হয়েছে। তাই নতুন iPhone লঞ্চের সময় পুরনো মডেলের দাম বাড়ানোও সেই বাড়তি উৎপাদন খরচ সামলানোরই একটি উপায় বলে মনে করা হচ্ছে। (iPhone Price Hike)
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো Apple এখনও সাধারণ iPhone 18 বাজারে আনেনি। আপাতত এসেছে Pro মডেল এবং iPhone Duo, আর সাধারণ iPhone 18-এর লঞ্চ ২০২৭ সালে হতে পারে বলে জানা গিয়েছে।ফলে পুরনো iPhone-কে কম দামের বিকল্প হিসেবে রাখার বদলে Apple আপাতত নতুনভাবে দাম ও মডেলগুলির অবস্থান ঠিক করছে।
তবে মেমরির দাম যদি এভাবেই বাড়তে থাকে, তা হলে ভবিষ্যতে শুধু নতুন নয়, পুরনো স্মার্টফোনও সস্তা না হয়ে আরও দামি হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই এবার নতুন মডেল লঞ্চের আশায় না বসে থেকে যখন যেই মডেলটি উপযুক্ত দামে পাচ্ছেন তখন কিনে ফেলাই ভালো।












