রাজ্যে পালাবদলের পর পরিবহন ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনতে তৎপর সরকার। মহিলাদের সরকারি বসে বিনামূল্যে যাত্রা থেকে পিঙ্ক কার্ড, অভিনব সব ব্যবস্থা চালু করেছে প্রশাসন। তবে এবার সেই পরিবর্তনের ছোঁয়া লাগতে পারে বাসের ভাড়াতেও। সম্প্রতি এমনটাই ইঙ্গিত দিয়েছেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। পুজোর আগে বাসভাড়া বাড়ানোর কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে পুজো মিটলেই বাসভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা করে নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সোমবার বাস মালিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়ে দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং। তাঁর বক্তব্য, একদিকে বাস মালিক ও কর্মীদের সমস্যার কথা ভাবতে হবে, অন্যদিকে যাত্রীদের পরিষেবাও আরও ভালো করতে হবে।
Bus Fare Hike: পুজোর পর ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা
সোমবার বাস মালিক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী। বৈঠকের পর তিনি জানান, বর্তমানে বাসের যা ভাড়া তা অনেক আগেই বাড়ানো উচিত ছিল। তবে পুজোর আগে বাসভাড়া বাড়ানো নিয়ে সরকার কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। দুর্গাপুজো মিটে যাওয়ার পর এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে মন্ত্রীর কথায়, বর্তমানে যে ভাড়া রয়েছে তা বাড়ানো দরকার।
মন্ত্রী আরও বলেন, “২০১৮ সাল থেকে বাসভাড়া বাড়েনি। এই সময়ের মধ্যে ডিজেল থেকে শুরু করে বাসের বিভিন্ন যন্ত্রাংশের দাম বেড়েছে। ফলে খরচ সামলাতে না পেরে অনেক রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাচ্ছে।” তাঁর মতে, ভাড়া বাড়ানোর পাশাপাশি যাত্রীদের পরিষেবার মানও উন্নত করতে হবে। রাস্তায় আরও ভালো বাস এবং এসি বাস চলাচল করানোর উপরেও জোর দেন তিনি।
নন্দীগ্রামে চমক বিজেপির, প্রার্থী শুভেন্দুর প্রয়াত আপ্তসহায়কের মা
পরিবহণমন্ত্রীর বক্তব্য, “শুধু ভাড়া বাড়ালেই হবে না, ভাড়া বাড়ানোর পর যাত্রীরা যাতে তার বিনিময়ে আরও ভালো পরিষেবা পান, সেটাও নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বাস মালিক এবং কর্মীদের সমস্যার দিকটিও বিবেচনা করা প্রয়োজন।”
টোলের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়মের দাবি
এ দিনের বৈঠকে রাজ্য ও জাতীয় সড়কে টোল ট্যাক্সের বিষয়টিও উঠে আসে। পরিবহণমন্ত্রী জানান, বিভিন্ন টোল প্লাজায় আলাদা নিয়ম থাকায় সমস্যা তৈরি হচ্ছে। তাঁর দাবি, টোল নেওয়ার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ও অভিন্ন নীতি থাকা দরকার। ক্যাশলেস টোল পরিষেবা চালু থাকলেও তার নিয়ম ও রেট সব জায়গায় একই হওয়া উচিত বলে মত তাঁর।
সব মিলিয়ে, পরিবহণমন্ত্রীর এই বক্তব্যের পর এখন নজর পুজোর পরে কী হয় সেদিকে। বাসভাড়া শেষ পর্যন্ত কতটা বাড়বে, নাকি ভাড়া বৃদ্ধির সঙ্গে পরিষেবা উন্নত করার কোনও নতুন ব্যবস্থা আনা হবে, সেই সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে রাজ্যের নিত্য যাত্রী থেকে সাধারণ মানুষ সকলে।










