নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়াও বইতে পারে। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে রাঁচি ও দীঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর পাশাপাশি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী দিনে সেটি আরও শক্তি বাড়াতে পারে। এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে।
Weather Update: বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে
বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি।
রবিবারও বৃষ্টি হবে। তবে সেদিন বৃষ্টির পরিমাণ ও বিস্তার কিছুটা কমতে পারে। উপকূল ও পশ্চিমের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতাও রয়েছে। সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে কমবে।
Google Drive-এর স্টোরেজ শেষ? ফ্রি-তে মাত্র ২ মিনিটেই বানিয়ে ফেলুন নিজের ফ্রি ক্লাউড ড্রাইভ
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
উত্তরবঙ্গেও আজ বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বৃহস্পতিবার জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। (Weather Update)
কলকাতাতেও বাড়বে বৃষ্টি
বুধবার বিকেলের পর কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে। আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও বৃহস্পতিবার থেকে পরিস্থিতি বদলাবে। শনিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।










1 thought on “নিম্নচাপের প্রভাবে ফের বৃষ্টি, কবে থেকে ভিজবে দক্ষিণবঙ্গ?”