সকাল থেকেই রৌদ্রজ্জ্বল আবহাওয়া ছিল। বেলা গড়াতেই আকাশ কালো করে নেমে আসে বৃষ্টি। সঙ্গে মুহুমুর্হু বজ্রপাত, দমকা হাওয়া। ভারী বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার কলকাতা সহ ৩ জেলায় সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এছাড়াও, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। এরই মধ্যে শক্তিশালী নিম্নচাপের কথা শোনালো আবহাওয়া দফতর (Weather Update)।
Weather Update: দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি
সিকিম থেকে একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়ে ওডিশা উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের উপর শক্তিশালী স্কোয়াল লাইন তৈরি হয়েছে। বজ্রগর্ভ মেঘের উপস্থিতির কারণে শুক্রবার পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গায় ঘনঘন বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া (Weather Update)।
ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
আজ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের নিচের জেলাগুলিতে শনিবার পর্যন্ত মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া।
কলকাতায় কী পরিস্থিতি?
আজ বৃহস্পতিবার কলকাতায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে বৃষ্টির তীব্রতা ও পরিমাণের পরিবর্তন হতে পারে। শনিবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।










