সকাল থেকেই আবহাওয়ার মেজাজ বদলের ইঙ্গিত। কখনও মেঘ, কখনও রোদ —দক্ষিণবঙ্গের আকাশে চলছে এমনই খেলা। দক্ষিণবঙ্গের আকাশে ফের বদলের ইঙ্গিত। এরই মধ্যে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার থেকে পরিস্থিতি বদলাতে শুরু করবে। বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বুধবার থেকে শুক্রবার একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দমকা হাওয়া ও বজ্রপাতের সতর্কতাও থাকছে। (Weather Update )
কলকাতায় কবে বাড়বে বৃষ্টি?
কলকাতায় আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বুধবার থেকে শুক্রবার বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৮ থেকে ৯৭ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার। (Weather Update )
মঙ্গলবার থেকেই বদল দক্ষিণবঙ্গে
আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। (Weather Update )
বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার কমলা সতর্কতা জারি হয়েছে।
বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। শুক্রবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। (Weather Update )
উত্তরবঙ্গেও বাড়বে বৃষ্টি
মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বুধবার থেকে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। (Weather Update )
শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
উত্তর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ আরও স্পষ্ট নিম্নচাপ হওয়ার সম্ভাবনা। সোমবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার, ২৩ সেপ্টেম্বর সকালে এটি মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে পৌঁছতে পারে। অভিমুখ উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূল। আমেরিকান মডেল GFS ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখালেও ভারতের মৌসম ভবন এখনও শক্তিশালী নিম্নচাপের কথাই জানিয়েছে। ঘূর্ণিঝড় হলে নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
মৎস্যজীবীদের সতর্কতা
২১ সেপ্টেম্বর সোমবার মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের গভীরে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে যাওয়া নিষেধ। ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলেও সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। (Weather Update )












