ভারতের অন্যতম বৃহত্তম রিটেল স্টক ব্রোকারেজ সংস্থা Angel One Limited-এর প্রতিষ্ঠাতা দীনেশ ঠক্কর। পাশাপাশি তিনি এই সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। সম্প্রতি তিনি মুম্বইয়ের জুহুতে ৭১১ কোটি টাকায় একটি বিলাসবহুল আট তলার আবাসিক টাওয়ার কিনে খবরের শিরোনামে এসেছেন। ‘এম্বাসি ডেভেলপমেন্টস’-এর মতে, এটি ভারতের বৃহত্তম এবং অত্যন্ত ব্যয়বহুল সম্পত্তি। এই চুক্তিতে প্রতি বর্গফুটের মূল্য পড়েছে প্রায় ১.১৩ লক্ষ টাকা (dinesh thakkar)।
বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, ‘এম্বাসি টেরাজ্জা’ (Embassy Terrazza) প্রকল্পে প্রায় ৫০টি আবাসন ইউনিট তৈরির পরিকল্পনা রয়েছে এবং এর আনুমানিক মূল্য ৩,০০০ কোটি টাকারও বেশি। প্রকল্পটি ২০৩১ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। দীনেশ ঠক্কর এই আল্ট্রা-লাক্সারি বাড়িটির নাম দিয়েছেন “অ্যাঞ্জেলাস” (Angelus)।
dinesh thakkar: কী বলছেন দীনেশ ঠক্কর?
দীনেশ ঠক্কর (dinesh thakkar) বলেন, ‘মুম্বইয়ের অন্যান্য এলাকার তুলনায় জুহুর একটি নিজস্ব বিশেষ আভিজাত্য রয়েছে। যখন আমি পরিবারের জন্য একটি নতুন বাড়ির খোঁজ করছিলাম, তখন আমার মূল অগ্রাধিকার ছিল সম্পূর্ণ ব্যক্তিগত, নিরাপত্তা ও গোপনীয়তা, সুবিশাল জায়গা এবং আরব সাগরের চোখজুড়ানো নৈসর্গিক সৌন্দর্য। আমরা এমন এক বিলাসবহুল ও আইকনিক প্রাসাদ গড়ে তুলতে চেয়েছিলাম, যা আমাদের পরিবারের প্রজন্মের পর প্রজন্মজুড়ে এক অনন্য ঠিকানা হয়ে থাকবে।’
দীনেশ ঠক্কর কে?
তিনি দেশের অন্যতম বৃহৎ স্টক ব্রোকিং ও ফিনান্সিয়াল সার্ভিসেস সংস্থা ‘অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড’-এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর। দু-দশকের বেশি সময় ধরে তিনি তাঁর সংস্থায় দক্ষতার পরিচয় দিয়েছেন। তাঁর নেতৃত্বে সংস্থাটি ভারতের প্রথাগত ব্রোকারেজ থেকে বের হয়ে একটি অন্যতম সফল ডিজিটাল ফিনটেক ব্র্যান্ড হিসেবে আত্মপ্রকাশ করেছে।
দীনেশ ঠক্কর কোনও প্রথাগত উচ্চ শিক্ষা গ্রহণ করেননি। মুম্বইয়ের মুলুন্ডের এক টেক্সটাইল ব্যবসায়ী পরিবারে জন্ম নেন দীনেশ। বাস্তবে ‘অ্যাঞ্জেল ওয়ান’ (Angel One)-এর এই প্রতিষ্ঠাতা পড়াশোনা করেছেন মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত। কলেজের গণ্ডি পার না হওয়া সত্ত্বেও, অদম্য জেদ আর ব্যবসার সহজাত বুদ্ধিকে সম্বল করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন তিনি। প্রযুক্তির গুরুত্ব অনুধাবন করে তিনি কোম্পানিটিকে সম্পূর্ণ ডিজিটাল ও টেক-চালিত ব্রোকারেজ প্ল্যাটফর্মে রূপান্তর করেন এবং ২০২১ সালে এর নাম পরিবর্তন করে ‘অ্যাঞ্জেল ওয়ান’ (Angel One) রাখা হয়। আজ শেয়ার বাজারে এর বাজার মূল্য ২২,০০০ কোটি টাকারও বেশি।











