প্রযুক্তি দুনিয়ায় একের পর এক কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসছে। সেই তালিকায় এবার জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম Canva। (Canva Layoffs) সংস্থার প্রায় ২২ শতাংশ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সব মিলিয়ে প্রভাবিত হচ্ছেন ১,২৭১ জন কর্মী। তবে ছাঁটাইয়ের খবরের থেকেও বেশি আলোচনায় উঠে এসেছে কর্মীদের বিদায়ের সময় Canva-র দেওয়া সুযোগ-সুবিধা। ছয় মাসের বেতন থেকে শুরু করে বিনামূল্যে MacBook, এমনকী নতুন চাকরি খুঁজে পেতেও মিলবে সংস্থার সাহায্য।
Table of Contents
কেন কর্মী ছাঁটাইয়ের পথে Canva?
Canva-র সহ-প্রতিষ্ঠাতা তথা CEO মেলানি পারকিন্স কর্মীদের উদ্দেশে পাঠানো বার্তায় জানিয়েছেন, গত এক দশকেরও বেশি সময়ে সংস্থার ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। কিন্তু এক দশকের মধ্যে প্রথমবার ব্যবসার বৃদ্ধির গতি কমেছে। তাই আগামী দিনের চ্যালেঞ্জ সামলাতে সাংগঠনিক কাঠামোয় পরিবর্তন প্রয়োজন। (Canva Layoffs)
পাশাপাশি, AI প্রযুক্তির ক্রমবর্ধমান খরচ এবং ChatGPT ও Gemini-র মতো প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতাও চাপ বাড়িয়েছে। নিজস্ব AI মডেল তৈরির চেষ্টা করলেও প্রযুক্তিগত খরচের কারণে সংস্থার রাজস্ব বৃদ্ধির পূর্বাভাস ৩০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। চলতি বছরে Canva-র মূল্যায়ন কমে প্রায় ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে রিপোর্ট।
ছাঁটাই হলেও মিলবে ছয় মাসের বেতন
(Canva Layoffs) কর্মীদের জন্য Canva-র ক্ষতিপূরণ প্যাকেজই এখন আলোচনার কেন্দ্রে। সংস্থা ছেড়ে যাওয়া কর্মীরা কমপক্ষে ছয় মাসের বেতন পাবেন। এর মধ্যে প্রযোজ্য আইনি পাওনাও অন্তর্ভুক্ত থাকবে। পাশাপাশি, সংস্থার দেওয়া MacBook-ও নিজেদের কাছে রাখতে পারবেন তাঁরা।
শুধু তাই নয়, নতুন চাকরি খুঁজতে সাহায্যের জন্য এক বছরের LinkedIn Premium সাবস্ক্রিপশন, ব্যক্তিগত ক্যারিয়ার কোচিং, রেজিউমে তৈরি এবং ইন্টারভিউয়ের প্রস্তুতিতেও সহায়তা করবে Canva।
স্বাস্থ্যবিমা থেকে ব্যবসা শুরুর অনুদান
(Canva Layoffs) কর্মী ও তাঁদের পরিবারের কথা মাথায় রেখে নির্দিষ্ট দেশগুলিতে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত স্বাস্থ্য পরিষেবার সুবিধা বজায় থাকবে। এক বছর পর্যন্ত ক্যানভা কেয়ার কর্মসূচির সুবিধাও পাবেন তাঁরা।
এছাড়া, গত এক বছরের মধ্যে যোগ দেওয়া কর্মীদের ক্ষেত্রে প্রচলিত এক বছরের ইকুইটি ভেস্টিংয়ের শর্ত শিথিল করা হচ্ছে। ফলে তাঁদের প্রাপ্য শেয়ার ধরে রাখার সুযোগ থাকবে। যাঁরা নতুন ব্যবসা কিংবা সামাজিক উদ্যোগ শুরু করতে চান, তাঁদের ক্যানভা কালেক্টিভ ফান্ড থেকে ১০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এর জন্য কোনও ইকুইটি দিতে হবে না।
সোশ্যাল মিডিয়ায় প্রশংসা
Canva-র এই সিদ্ধান্ত ঘিরে সমাজমাধ্যমে প্রশংসা শুরু হয়েছে। AI ইঞ্জিনিয়ার প্রথাম কোহলি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনুভব শেঠির মতো পেশাদাররা সংস্থার মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন। প্রাক্তন কর্মী শ্রদ্ধা খুলেও জানিয়েছেন, ছাঁটাইয়ের সিদ্ধান্তে তিনি হতাশ হলেও কর্মীদের বিদায় জানানোর প্রক্রিয়াটি অত্যন্ত যত্নের সঙ্গে সামলেছে Canva।
(Canva Layoffs) তবে এই ছাঁটাইয়ের মধ্যে সব কর্মীর চাকরি যাচ্ছে না। কিছু ক্ষেত্রে দায়িত্ব পরিবর্তন ও অন্যত্র স্থানান্তরের বিষয়ও রয়েছে। ফলে কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি মানবিকভাবে বিদায় জানানোর দৃষ্টান্ত হিসেবেও আলোচনায় উঠে এসেছে Canva।














