দীপাবলির উৎসবের আবহেই ভয়াবহ দুর্ঘটনা পুরনো দিল্লিতে। বৃহস্পতিবার সকালে চাওড়ি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে, প্রায় ১৫ জন আটকে রয়েছেন বলে খবর। তাঁদের উদ্ধারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।
Delhi Building Collapsed: উদ্ধারকাজে বাধা সংকীর্ণ গলি
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি দমকল বিভাগের অন্তত ছয়টি ইঞ্জিন। পাশাপাশি পাঠানো হয়েছে উদ্ধারকারী গাড়ি, জলের ট্যাঙ্কার এবং একাধিক অ্যাম্বুল্যান্স। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও উদ্ধারকাজের তদারকি করছেন।
তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এলাকার সংকীর্ণ গলি। অত্যন্ত ঘিঞ্জি এলাকায় বাড়িটি অবস্থিত হওয়ায় ভারী উদ্ধারকারী সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে সমস্যা হচ্ছে। ফলে ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া মানুষদের দ্রুত উদ্ধার করাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে প্রশাসনের তরফে দুর্ঘটনার কারণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়নি।
ফের বাড়ি ভাঙার ঘটনা, উদ্বেগ পুরনো দিল্লিতে
উল্লেখ্য, দিল্লিতে বাড়ি ভেঙে পড়ার ঘটনা নতুন নয়। গত ২৫ অক্টোবরও রাজধানীর সত্য নিকেতন এলাকায় বহুতল ভেঙে ২ জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বাড়ি ধসে প্রাণহানির ঘটনায় বাড়ছে উদ্বেগ। (Delhi Building Collapsed)
এমনিতেই দীপাবলির আগে পুরনো দিল্লির চাঁদনি চক ও চাওড়ি বাজারের পাইকারি বাজারগুলিতে ক্রেতাদের ভিড় বাড়ে। এমন ব্যস্ত এলাকায় পরপর বাড়ি ভেঙে পড়ার ঘটনায় স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে চাওড়ি বাজারের বাড়িটি ঠিক কী কারণে ভেঙে পড়ল, তা জানতে তদন্তের দিকেই তাকিয়ে সকলে।













