ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এক ম্যাচে ৫১ লাল কার্ড! ফুটবল মাঠে এমন কাণ্ড আগে দেখেনি বিশ্ব

Published on: November 5, 2026
51 Red Cards
---Advertisement---

ফুটবল মাঠে গোল, ফাউল, বচসা নতুন কিছু নয়। কিন্তু তাই বলে এক ম্যাচে ৫১টি লাল কার্ড! ব্রাজিলের ফুটবল মাঠে এমনই নজিরবিহীন ঘটনা ঘটল। দুই দলের ফুটবলারদের মধ্যে সামান্য বচসা থেকে শুরু হয় তুমুল হাতাহাতি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, মাঠে নেমে পড়েন পরিবর্ত ফুটবলার, কোচিং স্টাফ, এমনকি ক্লাব কর্তারা পর্যন্ত। সংঘর্ষ থামাতে ডাকতে হয় পুলিশ। শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করতে বাধ্য হন রেফারি। আর এই ঘটনায় ভেঙে গেল এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর আগের বিশ্বরেকর্ড।

৩-১ গোলে পিছিয়ে পড়তেই শুরু সংঘর্ষ

ঘটনাটি ব্রাজিলের মিনাস জেরাইস প্রদেশের। অনূর্ধ্ব-২০ কাম্পেওনাতো মিনেইরোর (দ্বিতীয় ডিভিশন) সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল উবেরল্যান্ডিয়া ও মামোরে। খেলা চলছিল উবেরল্যান্ডিয়ার ঘরের মাঠ এস্তাদিও পার্কে দো সাবিয়ায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে মামোরে তৃতীয় গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। আর সেই গোলের পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। (51 Red Cards in one Football Match)

রেফারির দেওয়া তথ্য অনুযায়ী, গোল করার পর মামোরের ফুটবলার ডেভি প্রতিপক্ষ দলের রিজার্ভ বেঞ্চের সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁর এই আচরণে ক্ষুব্ধ হয়ে মাঠে ঢুকে পড়েন উবেরল্যান্ডিয়ার গোলকিপিং কোচ পাওলো সার্জিও দিয়াস দোস সান্তোস। ডেভির সঙ্গে বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। মুহূর্তের মধ্যে সেই ঝামেলা বড়সড় সংঘর্ষের চেহারা নেয়।

পরিস্থিতি সামাল দিতে দুই দলের পরিবর্ত ফুটবলার, কোচিং স্টাফ এবং কর্তারা মাঠে নেমে পড়েন। রেফারি ফার্নান্দো প্যাট্রিক দ্রোশগিচ মোদেস্তোর রিপোর্টে উল্লেখ রয়েছে, সংঘর্ষে ছয়জন বলবয়ও জড়িয়ে পড়ে। অভিযোগ, তারা বিভিন্ন জিনিস, চেয়ার এবং স্ট্রেচার দিয়ে মামোরে দলের সদস্যদের মারধর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেষ পর্যন্ত স্থানীয় মিলিটারি পুলিশকে মাঠে ডাকতে হয়।

৩৬-এর রেকর্ড ভেঙে এক ম্যাচে ৫১টি লাল কার্ড

শুধু মাঠেই নয়, সংঘর্ষের আঁচ ছড়ায় সাজঘরেও। অভিযোগ, উবেরল্যান্ডিয়ার কর্তারা মামোরে দলের সদস্যদের সরঞ্জাম নষ্ট করেন। পাল্টা মামোরে দলের সদস্যদের বিরুদ্ধে উবেরল্যান্ডিয়ার ড্রেসিংরুমে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রায় ৪০ মিনিট সময় লাগে। শেষ পর্যন্ত ম্যাচ আর চালানো সম্ভব হয়নি।

এই ঘটনার আগে অবশ্য তিনজন ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। পরে সংঘর্ষে জড়িত থাকার কারণে আরও ৪৮ জনকে লাল কার্ড দেখান রেফারি। সব মিলিয়ে ৪৩ জন ফুটবলার, আটজন সাপোর্ট স্টাফ এবং দু’জন ক্লাব কর্তা-সহ মোট ৫১ জনের নাম ওঠে লাল কার্ডের তালিকায়। (51 Red Cards in one Football Match)

এর আগে এক ম্যাচে সবচেয়ে বেশি লাল কার্ড দেখানোর রেকর্ড ছিল ৩৬ টি। ২০১১ সালে আর্জেন্টিনার পঞ্চম ডিভিশনের ক্লোপোল ও ভিক্টোরিয়ানো আরেনাসের ম্যাচে এই রেকর্ড তৈরি হয়েছিল। এবার ব্রাজিলের এই ম্যাচে ৫১টি লাল কার্ড দেখিয়ে সেই রেকর্ডও ভেঙে গেল। ফুটবল মাঠে এমন নজিরবিহীন ঘটনা কার্যত অবাক করেছে ক্রীড়াপ্রেমীদের।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now