মহালয়ার দিন কলকাতার ইডেন গার্ডেন্সে দুর্গাপুজোকে কেন্দ্র করে রাজ্য সরকারের উদ্যোগে যে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তাতে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেরই কলকাতায় আসা সম্ভব হচ্ছে না বলে দিল্লির তরফে নবান্নকে জানানো হয়েছে। ফলে প্রশাসন সূত্রে খবর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিকে মাথায় রেখে যে বড়সড় আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, তা অনেকটাই ছোট করে আনা হচ্ছে।
তবে মোদি ও শাহ না আসায় ইডেনের অনুষ্ঠান বাতিল করা হচ্ছে না। নির্ধারিত দিনেই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যরা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের সমস্ত মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদেরও অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
Mahalaya Program at Eden Gardens: কেন বদলাতে হলো অনুষ্ঠানের পরিকল্পনা?
চলতি বছরে বিধানসভা নির্বাচনে জয়ের পর রাজ্যে পালাবদল হয়েছে। সেই হিসাবে নতুন রাজ্য সরকারের এই প্রথম দুর্গাপুজোর আয়োজন। ফলে এবারের দুর্গাপুজোকে সামনে রেখে বড় আকারের সরকারি অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়। কেন্দ্রীয় নেতৃত্বকে সামনে রেখে মহালয়ার দিন ইডেনে বিশেষ আয়োজনের ভাবনা ছিল রাজ্যের।
পুজোর আগে মণ্ডপে মণ্ডপে কলকাতার পুলিশ কমিশনার, ভিড়-নিরাপত্তা থেকে ট্রাফিক, নজরে সব
নবান্ন সূত্রের দাবি, প্রাথমিক পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ—দু’জনেরই কলকাতার এই অনুষ্ঠানে আসার বিষয়ে সম্মতি ছিল। সেই অনুযায়ী অনুষ্ঠানের আয়োজন এবং নিরাপত্তা নিয়ে প্রস্তুতিও শুরু হয়েছিল।
কিন্তু পরে দু’জনেরই ব্যস্ত কর্মসূচির কারণে কলকাতায় আসা সম্ভব হবে না বলে রাজ্যকে জানানো হয়। সম্প্রতি দিল্লি থেকে সেই বার্তা নবান্নে পৌঁছেছে বলে প্রশাসনিক সূত্রে খবর। ফলে তাঁদের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাতিল নয় অনুষ্ঠান, কমছে আয়োজনের বহর
তবে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী থাকছেন না বলে অনুষ্ঠান একেবারে বাতিল করা হচ্ছে না। রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হবে। তবে মোদি ও শাহকে ঘিরে যে বিশাল আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, সেই তুলনায় অনুষ্ঠানের আড়ম্বর অনেকটাই কমানো হচ্ছে। (Mahalaya Program at Eden Gardens)
মহালয়ার দিন ইডেন গার্ডেন্সে এই অনুষ্ঠান ঘিরে রাজ্য সরকারের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছিল। এখন কেন্দ্রীয় দুই শীর্ষ নেতার অনুপস্থিতিতে সেই পরিকল্পনাতেই কিছুটা কাটছাঁট করা হচ্ছে। তবে অনুষ্ঠানটি যথাসময়েই হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।










3 thoughts on “মহালয়ায় ইডেনে আসছেন না মোদি-শাহ, কেন হঠাৎ কাটছাঁট কর্মসূচিতে?”
Comments are closed.