ঠোঁটে গোলাপ, মুখে রক্তের দাগ। চোখে তীব্র দৃষ্টি, মুখে আত্মবিশ্বাসের ছাপ। প্রেমিকের রূপে নাকি ভয়ঙ্কর অ্যাকশন হিরো হিসেবে ধরা দেবেন শাহরুখ খান? তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর নতুন পোস্টার ঘিরে এখন সেই কৌতূহলই বাড়ছে। পোস্টারে শাহরুখের লুকের সঙ্গে নজর কেড়েছে একটি সংলাপ—‘কাতিল নেহি.. আশিক হুঁ…’। অর্থাৎ, ‘খুনি নই, প্রেমিক’। রোম্যান্সের পরিচিত আবহের সঙ্গে রক্তাক্ত চেহারার এই বৈপরীত্য ছবির গল্প নিয়ে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। (Shah Rukh Khan KING Poster)
রোম্যান্টিক ইমেজে অ্যাকশনের ছোঁয়া
নতুন পোস্টারে শাহরুখের মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। ঠোঁটের মাঝে গোলাপ তাঁর চেহারায় এক অন্য মাত্রা যোগ করেছে। একদিকে প্রেমের প্রতীক, অন্যদিকে রক্তাক্ত মুখ এবং তীব্র অভিব্যক্তি। সব মিলিয়ে ছবির চরিত্রকে ঘিরে রহস্য তৈরি হয়েছে। শাহরুখের পরিচিত রোম্যান্টিক ইমেজকে অ্যাকশনের আবহে তুলে ধরার চেষ্টা দেখা যাচ্ছে পোস্টারে। তবে তাঁর চরিত্রের নাম বা ছবির কাহিনি নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। (Shah Rukh Khan KING Poster) ‘পাঠান’-এর পর ফের এই পরিচালকের সঙ্গে কাজ করছেন শাহরুখ। আন্তর্জাতিক প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন থ্রিলারে বড় মাপের অ্যাকশন দৃশ্য থাকার কথা। সেই দৃশ্যগুলির জন্য আন্তর্জাতিক স্টান্ট দলের সাহায্য নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশ্বের বিভিন্ন জায়গায় ছবির শুটিংও হওয়ার কথা।
সুহানা, অভিষেকের সঙ্গে দীপিকাও
‘কিং’-এ গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শাহরুখ-কন্যা সুহানা খান। অভিষেক বচ্চনকে দেখা যাবে খলনায়কের চরিত্রে। দীপিকা পাড়ুকোনও ছবিতে থাকছেন বলে খবর। ছবিটি প্রযোজনা করছেন গৌরী খান, সিদ্ধার্থ আনন্দ এবং মমতা আনন্দ। রেড চিলিজ এন্টারটেনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্সের ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি। (Shah Rukh Khan KING Poster)
বড়দিনে মুক্তি ‘কিং’-এর
২০২৬ সালের ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ‘কিং’-এর। বছরের শেষের ছুটির মরসুমে ছবিটি মুক্তি পাবে। নতুন পোস্টারে অ্যাকশন ও রোম্যান্সের ইঙ্গিত মিললেও শাহরুখের চরিত্রের আসল পরিচয় এবং ছবির গল্প জানতে আপাতত অপেক্ষা করতে হবে দর্শকদের। (Shah Rukh Khan KING Poster)











