চলছে উৎসবের মরশুম। সামনেই কালীপুজো, দীপাবলি ও ছটপুজো। আর এই সমস্ত অনুষ্ঠানকে সামনে রেখেই বাজি পোড়ানো এবং ফানুস ওড়ানো নিয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টের নির্দেশিকা মেনেই এ বছর উৎসবের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানাল নবান্ন। বৃহস্পতিবার স্বরাষ্ট্র দফতর, পরিবেশ দফতর, পুলিশ, দমকল ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের যৌথ সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য কোনও বাজি পোড়ানো যাবে না। একই সঙ্গে বিনা অনুমতিতে ফানুস বা এয়ার বেলুন ওড়ানোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিয়ম ভাঙলে কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
Fire Crackers Lighting Guidelines: কখন বাজি পোড়ানো যাবে? বেঁধে দেওয়া হলো সময়
সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করা হয়েছে। দীপাবলির দিন রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং ছটপুজোর দিন ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত বাজি পোড়ানো যাবে। এই নির্দিষ্ট সময়ের পর বাইরে বাজি পোড়ানোর অনুমতি থাকবে না।
পাশাপাশি, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান-সহ সাইলেন্স জোনের ১০০ মিটারের মধ্যে বাজি পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। সবুজ বাজির ক্ষেত্রেও শব্দের মাত্রা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। শব্দ সৃষ্টিকারী বাজির সর্বোচ্চ শব্দমাত্রা ১২৫ ডেসিবল এবং আলোক সৃষ্টিকারী বাজির ক্ষেত্রে ৯০ ডেসিবল নির্ধারণ করা হয়েছে।
বাজির বাজার বসানোর ক্ষেত্রেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কর্পোরেশন, পুরসভা ও পুলিশের চিহ্নিত নিরাপদ খোলা জায়গাতেই বাজির বাজার বসানো যাবে। অগ্নিকাণ্ড বা অন্য কোনও বিপদ এড়াতে ওই সমস্ত জায়গায় দমকলের ইঞ্জিন এবং অ্যাম্বুল্যান্স মোতায়েন রাখা হবে।
পেদ্দি-তে যৌন হেনস্থার বার্তা, ভুল স্বীকার করে কী বললেন জাহ্নবী?
ফানুস ওড়াতে লাগবে অনুমতি, বেআইনি বাজির বিরুদ্ধে অভিযান
ফানুস ও এয়ার বেলুন ওড়ানো নিয়ে বিশেষ সতর্ক করেছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত জানান, অনুমতি ছাড়া ফানুস ওড়ানো যাবে না। অতীতে ফানুস ওড়ানোকে কেন্দ্র করে একাধিক দুর্ঘটনা ঘটেছে। তাই উৎসবের সময় নিরাপত্তার স্বার্থে এই বিষয়ে কড়া নজরদারি চালানো হবে।
নিয়ম মানা হচ্ছে কি না, তা দেখতে কন্ট্রোল রুম, বিশেষ পুলিশ টহল এবং বিভিন্ন জেলায় নজরদারির ব্যবস্থা সক্রিয় রাখা হবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে জানানো হয়েছে, অনুমোদিত সবুজ বাজির প্যাকেটে থাকা কিউআর (QR) কোড স্ক্যান করে সাধারণ মানুষ বাজিটি বৈধ কি না, তা যাচাই করতে পারবেন। বহুতল আবাসনে বাজি পোড়ানোর ক্ষেত্রেও বাসিন্দাদের সতর্ক ও সচেতন থাকার আবেদন জানানো হয়েছে।
বৃহস্পতিবারের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, পরিবেশ দপ্তরের সচিব সৌমিত্র গুপ্ত, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত, কলকাতা পুলিশের নগরপাল অজয় নন্দ, দমকলের ডিজি মনোজ শর্মা, দমকল দফতরের অতিরিক্ত মুখ্যসচিব খলিল আহমেদ এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য-সচিব অশোক সিং। (Fire Crackers Lighting Guidelines)
উৎসবের আনন্দের পাশাপাশি পরিবেশ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের বক্তব্য। তাই কালীপুজো, দীপাবলি ও ছটপুজোর সময় বাজি কেনা বা পোড়ানোর আগে সরকারি নির্দেশিকা মেনে চলার উপরেই জোর দেওয়া হচ্ছে।












1 thought on “অনুমতি ছাড়া ফানুস ওড়ালেই আইনি পদক্ষেপ, কালীপুজো-দীপাবলি নিয়ে কড়া সরকার”
Comments are closed.