ফুটবল মাঠে ফের মর্মান্তিক দুর্ঘটনা। ম্যাচ চলাকালীন বিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো স্পেনের ৩০ বছর বয়সি ফুটবলার জেসুস দে মিগুয়েলের। সোমবার রাতে স্পেনের দ্বিতীয় ডিভিশনের ম্যাচে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর দীর্ঘক্ষণ চিকিৎসা চললেও শেষরক্ষা হয়নি। মিগুয়েলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে স্পেন-সহ বিশ্ব ফুটবল মহলে। এই ঘটনা মনে করিয়ে দিয়েছে ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ও ডেম্পোর ম্যাচে ক্রিস্তিয়ানো জুনিয়রের মৃত্যুর স্মৃতি। (Jesus de Miguel Death)
কীভাবে ঘটল দুর্ঘটনা?
২ নভেম্বর, সোমবার রাতে সিডি তেনেরিফে ও এফসি আন্দোরার মধ্যে ম্যাচ চলছিল। নির্ধারিত ৯০ মিনিটের শেষে দুই দলের স্কোর ছিল ২-২। ইনজুরি টাইমের সপ্তম মিনিটে ঘটে দুর্ঘটনা। তেনেরিফের আক্রমণ আটকাতে নিজেদের ডি-বক্সের বাইরে বেরিয়ে আসেন আন্দোরার গোলরক্ষক হেসুস ওওনো। বল ক্লিয়ার করতে লাফিয়ে ওঠেন তিনি। একই সময়ে বলের কাছে পৌঁছতে লাফ দেন তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েলও। সেই সময় গোলরক্ষকের হাঁটু সরাসরি মিগুয়েলের বুকে লাগে। সংঘর্ষের ধাক্কায় মাটিতে পড়ে অচেতন হয়ে যান ৩০ বছরের ফুটবলার। (Jesus de Miguel Death)
হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু
ঘটনার পরই মাঠে ছুটে আসেন মেডিক্যাল টিম। প্রায় পাঁচ মিনিট ধরে মাঠেই CPR-সহ প্রাথমিক চিকিৎসা চলে। এরপর অ্যাম্বুলেন্সে করে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হাসপাতালে যাওয়ার পথেই অ্যাম্বুলেন্সের মধ্যে তাঁর হৃদ্যন্ত্র বন্ধ হয়ে যায়। চিকিৎসকদের চেষ্টায় কিছুক্ষণের জন্য হৃদ্স্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হয়। এরপর তাঁকে সান্টা ক্রুজ দে তেনেরিফের নুয়েস্ত্রা সেনিওরা দে লা কান্দেলারিয়া বিশ্ববিদ্যালয় হাসপাতালের ICU-তে ভর্তি করা হয়। প্রায় ১১ ঘণ্টা পর ক্লাবের তরফে জানানো হয়, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। কিন্তু মঙ্গলবার ভোররাতে পরিস্থিতির অবনতি হয়। শেষ পর্যন্ত মৃত্যুর খবর জানায় ক্লাব।
ফিরল ক্রিস্তিয়ানো জুনিয়রের স্মৃতি
মিগুয়েলের মৃত্যুতে ভারতীয় ফুটবল সমর্থকদের মনে ফিরে এসেছে ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালের ঘটনা। মোহনবাগান ও ডেম্পোর সেই ম্যাচে গোলকিপার সুব্রত পালের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল ডেম্পোর ব্রাজ়িলিয়ান ফরওয়ার্ড ক্রিস্তিয়ানো জুনিয়রের। ২০১৫ সালে লেগানেস বি দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল জেসুস দে মিগুয়েলের। স্পেনের প্রায় আটটি ক্লাবে খেলার পর গত বছর তিনি যোগ দেন সিডি তেনেরিফেতে। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থ, সমর্থক এবং ফুটবল মহল। (Jesus de Miguel Death)













