লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হরি বক্সারকে গ্রেফতার করল আমেরিকার তদন্তকারী সংস্থা। বলিউড পরিচালক রোহিত শেট্টির মুম্বইয়ের বাড়িতে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। পাশাপাশি বলিউড অভিনেতা রণবীর সিং এবং রোহিত শেট্টিকে ভয়েস মেসেজ পাঠিয়ে ২০ কোটি টাকা তোলার হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযুক্তকে ভারতীয় ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে খবর। (Hari Boxer Arrest)
কে এই হরি বক্সার?
হরি বক্সারের আসল নাম হরিচাঁদ জাট। জানা গিয়েছে, গত ২২ ফেব্রুয়ারি ক্যালিফোর্নিয়ায় তাঁকে আটক করে আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)। রাজস্থান,পঞ্জাব এবং দিল্লির একাধিক অপরাধমূলক মামলাতেও তাঁর নাম জড়িয়েছে। ২০২৫ সালের ১৭ অক্টোবর কানাডার সারে শহরে কৌতুকশিল্পী কপিল শর্মার ‘ক্যাপস ক্যাফে’-তে গুলি চালানোর ঘটনার সঙ্গেও তাঁর যোগ থাকার অভিযোগ রয়েছে। (Hari Boxer Arrest)
রোহিত-রণবীরকে হুমকির অভিযোগ
অভিযোগ, রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনার পর সেই হামলার দায় স্বীকার করেছিলেন হরি বক্সার। একইসঙ্গে ভয়েস মেসেজের মাধ্যমে রণবীর সিং এবং রোহিত শেট্টির কাছে ২০ কোটি টাকা দাবি করা হয়েছিল। ওই হুমকির ভয়েস মেসেজের প্রাথমিক ফরেন্সিক পরীক্ষায় হরি বক্সারের গলার স্বরের সঙ্গে মিল পাওয়া গিয়েছে বলে খবর।
তুষার কাপুরের কাছেও ৫ কোটি দাবি
এদিকে, অভিনেতা তুষার কাপুরের কাছেও ৫ কোটি টাকা চেয়ে ফোন আসার অভিযোগ সামনে এসেছে। ফোনে নিজেকে হরি বক্সার পরিচয় দিয়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেছিলেন এক ব্যক্তি। তবে মুম্বই পুলিশের প্রাথমিক তদন্তে সন্দেহ, ওই ব্যক্তি আসলে হরি বক্সার নন। তাঁর পরিচয় ব্যবহার করে কেউ তোলা আদায়ের চেষ্টা করেছেন। তুষার কাপুরের অভিযোগের ভিত্তিতে তদন্তভার যায় মুম্বই পুলিশের অ্যান্টি-এক্সটরশন সেলের হাতে। ফোন রেকর্ডিংয়ের সঙ্গে হরি বক্সারের পরিচিত কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হয়। তাতে মিল পাওয়া যায়নি বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় এফআইআর দায়ের হয়নি। অন্যদিকে, জুহুতে অভিনেতা টাইগার শ্রফকে ঘিরে গুলি চালানোর ঘটনারও তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। (Hari Boxer Arrest)
হরি বক্সারকে ভারতে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। তাঁর প্রত্যর্পণের প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে।














