দু’তলা কেকের সামনে বাবা-মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছোট্ট রাহা। চারপাশে রং, হাসি আর আনন্দের পরিবেশ। কেক কাটার মুহূর্তে মেয়ে রাহাকে কোলে নিয়ে পাশে দাঁড়িয়ে রণবীর কাপুর ও আলিয়া ভট্ট। ৬ নভেম্বর ছিল রাহার চতুর্থ জন্মদিন। মেয়ের বিশেষ দিনটি পরিবারের সঙ্গে আনন্দে উদ্যাপন করলেন বলিউডের তারকা দম্পতি। সেই জন্মদিনের একাধিক মুহূর্ত সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন রণবীর। তবে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে শুধু রাহাই নয়, আলিয়ার পোশাকও নজর কেড়েছে অনুরাগীদের। (Alia Bhatt Dress)
জন্মদিনের উদ্যাপনে রঙিন রাহা
রণবীরের ইনস্টাগ্রাম পোস্টে উঠে এসেছে জন্মদিনের বেশ কিছু সুন্দর মুহূর্ত। একটি ছবিতে দেখা যাচ্ছে, দু’পাশে আলিয়া ও রণবীরকে নিয়ে কেক কাটছে রাহা। ছিল দু’তলা জন্মদিনের কেক। অন্য একটি ছবিতে ছোট্ট রাহাকে আনন্দে ছুটে বেড়াতে দেখা গিয়েছে। কেকের উপরেও ছিল বিশেষ চমক। সেখানে রণবীর, আলিয়া ও রাহার ছবি আঁকা হয়েছিল। মায়ের সঙ্গে আদরের মুহূর্তও ধরা পড়েছে ছবিতে। আলিয়াকে মেয়েকে জড়িয়ে ধরে চুমু খেতে দেখা গিয়েছে। আবার একটি ছবিতে রং-পেনসিল দিয়ে রং করতে ব্যস্ত রাহা। অনুষ্ঠানের পিছনে থাকা ব্যানারে লেখা ছিল, ‘রাহার চতুর্থ জন্মদিন’। (Alia Bhatt Dress)
৮,৭২০ টাকার পোশাকে আলিয়ার নজরকাড়া সাজ
মেয়ের জন্মদিনে আলিয়ার পোশাকও ছিল আলোচনায়। অনুষ্ঠানে তিনি পরেছিলেন ফুলের নকশা করা একটি ছোট দৈর্ঘ্যের পোশাক। পোশাকটির নাম ‘মিরাবেল’, ব্র্যান্ড Summer Away-এর তৈরি। সংস্থার সরকারি ওয়েবসাইট অনুযায়ী, পোশাকটির দাম ৮,৭২০ টাকা। ভিসকোস জর্জেট কাপড়ে তৈরি এই পোশাকের সঙ্গে রয়েছে আলাদা স্লিপ ও একটি স্কার্ফ। ভি-নেকের পোশাকটিতে রয়েছে তিন-চতুর্থাংশ হাতা। হাতা ও পোশাকের নীচের অংশে রয়েছে রাফল ডিজাইন। সাজ সম্পূর্ণ করতে মাঝখানে সিঁথি করে ঢেউ খেলানো চুল, হালকা মেকআপ, গোলাপি লিপস্টিক ও কানের দুল বেছে নিয়েছিলেন অভিনেত্রী। (Alia Bhatt Dress)
সমাজ মাধ্যমে শুভেচ্ছার বন্যা
২০২২ সালের নভেম্বর মাসে আলিয়া ও রণবীরের পরিবারে আসে রাহা। এবার তার চতুর্থ জন্মদিনে শুভেচ্ছায় ভরে ওঠে সমাজ মাধ্যম। সোনু সুদ থেকে দিশা পারমার, অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন। অনুরাগীদের কেউ তিনজনকে ‘সুন্দর পরিবার’ বলে প্রশংসা করেছেন। আবার কারও মন্তব্য, চোখের পলকে বড় হয়ে গেল রাহা। এদিকে রণবীরের ছবি ‘রামায়ণ’-এ রামচন্দ্রের চরিত্রে অভিনয়ের জন্যও স্বামীর প্রশংসা করেছেন আলিয়া। ছবির সেটে রাহার কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছিলেন তিনি। স্বামীর কাজের প্রতি নিষ্ঠা এবং মেয়ের জন্য তাঁর সময় দেওয়ার বিষয়টি উল্লেখ করে গর্ব প্রকাশ করেন অভিনেত্রী। (Alia Bhatt Dress)












