বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাতায়াতের জন্য যাত্রীদের কি সঙ্গে প্রিন্টেড টিকিট রাখা বাধ্যতামূলক? নাকি মোবাইলে থাকা ই-টিকিট দেখিয়েই করা যাবে সফর? সম্প্রতি এই প্রশ্ন ঘিরেই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ট্রেনের টিকিট পরীক্ষার একটি ভিডিয়ো সামনে আসার পর বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে। সম্প্রতি ‘রেল প্রেমী বিশ্বজিৎ ‘ নামে এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের একটি এসি স্লিপার কামরায় টিকিট পরীক্ষা করছেন উত্তর রেলের এক টিকিট পরীক্ষক। যাত্রীদের কাছে টিকিট দেখতে চান তিনি। কয়েকজন যাত্রীকে ক্রিম ও কমলা রঙের প্রিন্টেড টিকিট দেখাতেও দেখা যায়। পরীক্ষক টিকিটগুলি খুঁটিয়ে দেখে যাত্রীদের ফিরিয়ে দেন।(Vande Bharat Sleeper Ticket Rules)
প্রিন্টেড টিকিট কি বাধ্যতামূলক?
রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাতায়াতের জন্য প্রিন্টেড টিকিট সঙ্গে রাখা বাধ্যতামূলক নয়। যাত্রীরা মোবাইলে থাকা ই-টিকিট দেখিয়েই সফর করতে পারবেন। এসএমএস, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য ডিজিটাল মাধ্যমে পাওয়া টিকিটের তথ্যও গ্রহণযোগ্য। স্মার্টফোন বা ট্যাবলেটে থাকা ভার্চুয়াল রিজার্ভেশন মেসেজ দেখিয়েও টিকিট পরীক্ষা করানো যাবে। তবে এই ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম রয়েছে। রেল বোর্ডের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র কনফার্ম টিকিট থাকা যাত্রীরাই বন্দে ভারত ট্রেনে উঠতে পারবেন। আরএসি, ওয়েটিং লিস্ট কিংবা আংশিক কনফার্ম টিকিট নিয়ে এই ট্রেনে সফর করা যাবে না। (Vande Bharat Sleeper Ticket Rules)
বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের সময়সূচি ও ভাড়া
গত ৩১ অক্টোবর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যৌথভাবে বারাণসী-নয়াদিল্লি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের উদ্বোধন করেন। ১৬টি কামরা নিয়ে তৈরি এই ট্রেনে রয়েছে তিনটি শ্রেণি—থার্ড এসি (3A), সেকেন্ড এসি (2A) এবং ফার্স্ট এসি (1A)। ট্রেন নম্বর ২৭৪২১ বারাণসী থেকে নয়াদিল্লি পর্যন্ত সপ্তাহে ছয় দিন চলবে। শুক্রবার এই ট্রেন চলবে না। অন্যদিকে, ২৭৪২২ নম্বর ট্রেনটি নয়াদিল্লি থেকে বারাণসী পর্যন্ত চলবে সপ্তাহে ছয় দিন। শনিবার এই ট্রেনের পরিষেবা বন্ধ থাকবে।যাত্রাপথে ট্রেনটি প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, আলিগড় এবং গাজিয়াবাদ স্টেশনে থামবে। থার্ড এসির ভাড়া ১,৯১৫ টাকা, সেকেন্ড এসির ভাড়া ২,৪৭০ টাকা এবং ফার্স্ট এসির ভাড়া ৩,০৩০ টাকা। ফলে এই ট্রেনে সফরের আগে টিকিট কনফার্ম কি না, তা দেখে নেওয়াই সবচেয়ে জরুরি। (Vande Bharat Sleeper Ticket Rules)













