শীতের আমেজ কি এবার একটু একটু করে বাড়বে? নাকি বৃষ্টির দাপটে ফের বদলে যাবে আবহাওয়া? আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ মঙ্গলবার এবং আগামিকাল বুধবার দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির পর্ব চলতে পারে। তবে সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। বৃষ্টির সম্ভাবনা কমে উত্তর ও দক্ষিণবঙ্গের আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। পাশাপাশি আগামী কয়েক দিনে তাপমাত্রাও কিছুটা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার প্রভাবেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
Weather Update: দক্ষিণবঙ্গে কোথায় কোথায় বৃষ্টি?
আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও দু-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ফলে দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
আগামিকাল বুধবার বৃষ্টির পরিধি আরও বাড়তে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ কিছুটা বদলে যেতে পারে।
তবে বৃহস্পতিবার থেকে পরিস্থিতির পরিবর্তন হবে। কমবে বৃষ্টির সম্ভাবনা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশাও দেখা যেতে পারে।
উত্তরবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বুধবার মূলত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। নিচের দিকের তিন জেলা মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমবে। আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা। পাশাপাশি পরবর্তী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে। ফলে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত মিলছে।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
কলকাতার আকাশেও আজ ও আগামীকাল বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। দিনের শুরুতে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ আরও মেঘলা হতে পারে। মেঘের কারণে দিনের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার থেকে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে। সকালে কুয়াশার দাপট বাড়তে পারে। তবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। ফলে উইকেন্ডে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠতে পারে।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে।
সব মিলিয়ে সপ্তাহের শুরুতে বৃষ্টির দাপট থাকলেও বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। আর সপ্তাহান্তে তাপমাত্রা কমলে শীতের আমেজ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।













