লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের প্রতিশ্রুতি পূরণে কেন্দ্র সরকার বদ্ধপরিকর। শনিবার এক ভিডিয়ো বার্তায় ফের সেই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কার্যকর করার প্রতিশ্রুতি থেকে সরে আসছে না কেন্দ্রীয় সরকার। রাজনৈতিক বাধা এলেও দেশের নারীশক্তিকে দেওয়া কথা রাখা হবে। শনিবার, ২৮ নভেম্বর, সমাজ মাধ্যমে এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এই বার্তা ঘিরে নতুন করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Women’s Reservation 33 Percent)
ভিডিয়ো বার্তায় মোদি বলেন, ‘‘আমরা আমাদের নারীশক্তিকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি পূরণে আমরা এখনও প্রতিশ্রুতিবদ্ধ।’’ তাঁর বক্তব্য, এই আইন কার্যকর করার পথে রাজনৈতিক বাধা এলেও সরকারের সংকল্পে কোনও পরিবর্তন হয়নি।
We had made a promise to our Nari Shakti and we remain committed to fulfilling it… https://t.co/ZT3TK71Psh
— Narendra Modi (@narendramodi) November 28, 2026
কী রয়েছে মহিলা সংরক্ষণ আইনে?
২০২৩ সালের সেপ্টেম্বরে সংসদে পাশ হয়েছিল সংবিধানের ১০৬তম সংশোধনী, যা ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম’ নামে পরিচিত। এই আইন অনুযায়ী, লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লি বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের মধ্যেও এই সংরক্ষণ কার্যকর হওয়ার কথা। তবে জনগণনা এবং তার পরবর্তী আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে এই আইন কার্যকর করার বিষয়টি যুক্ত থাকায় এখনও তা বাস্তবায়িত হয়নি।
আগের বিল ঘিরে বিতর্ক
২০২৬ সালের এপ্রিলে মহিলা সংরক্ষণ দ্রুত কার্যকর করার লক্ষ্যে লোকসভার আসনসংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে সর্বোচ্চ প্রায় ৮৫০ করার প্রস্তাব-সহ একটি সংবিধান সংশোধনী বিল আনে কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না মেলায় লোকসভায় বিলটি পাশ হয়নি। এদিকে ডিলিমিটেশনের মাধ্যমে রাজ্যগুলির প্রতিনিধিত্বে ভারসাম্য নষ্ট হতে পারে বলে আপত্তি জানিয়েছিল বিরোধীরা।
আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হওয়া বিশেষ অধিবেশনে এই বিষয়টি ফের আলোচনায় আসতে পারে। ফলে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করা এবং ডিলিমিটেশন নিয়ে শাসক-বিরোধী সংঘাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে এই আইন বাস্তবায়নই এখন কেন্দ্রের অন্যতম লক্ষ্য।













