চিকিৎসায় গাফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ। ঘটনা ঘিরে প্রবল উত্তেজনা দেখা দেয় মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। নামানো হয় র্যাফ। মৃতের পরিবার সূত্রে খবর, প্রসব যন্ত্রণা নিয়ে গত রবিবার হাসপাতালে ভর্তি হন সামসি মালোপাড়ার বাসিন্দা সালমা সুলতানা। বুধবার ওই গৃহবধূর মৃত্যু হয়। মৃত্যুর খবর আসতেই হাসপাতাল চত্বরে ভিড় জমান মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এলাকা ক্রমশ উত্তপ্ত হতে থাকে। (Chanchal Hospital)
পরিজনদের অভিযোগ, চিকিৎসায় গাফিলতি এবং পর্যাপ্ত নজরদারির অভাবেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। তাঁদের দাবি, সময়মতো চিকিৎসা মিললে এমন পরিণতি এড়ানো যেত। এরপরই প্রসূতি বিভাগের সামনে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতের পরিবারের লোকজন। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ জনতা হাসপাতালের মূল ফটকের সামনেও ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে থাকেন।
হাসপাতালের নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। নিয়ন্ত্রণের বাইরে গেলে খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে পৌঁছয় চাঁচল থানার পুলিশ। উত্তেজনা আরও বাড়তে থাকায় নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয় র্যাপিড অ্যাকশন ফোর্স বা র্যাফ। হাসপাতাল চত্বর ঘিরে রাখে পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে আসা অন্য রোগী ও পরিজনেরা। বেশ কিছু সময়ের জন্য চাপা উত্তেজনা থাকে গোটা হাসপাতাল চত্বরে।
শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক রয়েছে। (Chanchal Hospital)












