কোটি কোটি নেপালি জালনোট সহ উত্তর ২৪ পরগনার কামারহাটির এক দম্পতিকে গ্রেফতার করেছে নেপাল পুলিশ। খবর প্রকাশ্যে আসতেই কামারহাটি জুড়ে তীব্র চাঞ্চল্য।
ঘটনায় ধৃত দীপা ধর ও অরিন্দম ধরের কাছ থেকে ৭০ কোটি নেপালের জালনোট উদ্ধার করছে নেপাল পুলিশের গোয়েন্দা দফতর। সেদেশের গোয়েন্দা আধিকারিকদের সূত্র জানা গিয়েছে, লোহার ট্রাঙ্ক ভর্তি জালনোট সহ ১২ টি মোবাইল ও বিলাসবহুল গাড়ি উদ্ধার হয়েছে। ঘটনায় অরিন্দম ও দীপা সহ মোট সাতজনকে গ্রেফতার করেছে নেপালের গোয়েন্দারা। এই সাতজনের মধ্যে একজন নেপালের নাগরিক বলে জানা গিয়েছে। কোথা থেকে এত পরিমান জাল নোট তারা নিয়ে আসলো, সেটা নিয়ে ধৃতদের জেরা করছে তদন্তকারী আধিকারিকেরা। Fake Currency
জানা গিয়েছে, ওই পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া শরৎপল্লির আবাসনের বাসিন্দা দীপা ধর। তাঁর সঙ্গে বিয়ে হয়েছিল দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরের হরিনাভির অরিন্দম ধরের। সূত্রের খবর, ধর দম্পতি ২০২৪ সালে নেপালে যান। অভিযোগ, কয়েক বছর ধরেই ওই দম্পতি নেপালে গিয়ে জালনোটের কারবার করছিলেন। সেখানে থেকেই নানা ছক কষেন তাঁরা। ব্যবসায়ীদের কাছে ভিডিও কলের মাধ্যমে জালনোট দেখিয়ে ব্যবসায় টাকা বিনিয়োগ করাতেন এই দম্পতি। নানা সংস্থায় টাকা বিনিয়োগ করে সেটা দ্বিগুণ করার প্রলোভন দিতেন তাঁরা।
দীপা এবং অরিন্দমের এলাহি জীবনযাপন সোনাপুরের অনেকেরই নজরে আসে। স্থানীয় পুজো, খেলা ও মেলায় দেদার টাকা বিলির অভিযোগ সামনে আসছে। এমনকী তাঁদের বেলঘরিয়ার একটি ফ্ল্যাটে মাঝে মধ্যেই মদের আসর বসানো হতো বলে অভিযোগ উঠেছে। Fake Currency









