IPL সম্প্রচার নিয়ে অবস্থান বদল করল বাংলাদেশ (IPL Telecast)। আগে যেখানে মুস্তাফিজুর রহমানকে IPL থেকে বাদ দেওয়ার প্রতিবাদে টুর্নামেন্ট বয়কট এবং সম্প্রচার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার, সেখানে রাজনৈতিক পালাবদলের পর সেই অবস্থান থেকে সরে এল ঢাকা।
নতুন সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জ়াহির উদ্দিন স্বপন স্পষ্ট জানিয়েছেন, এখন আর IPL সম্প্রচারে কোনও বাধা নেই। তিনি বলেন, “খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশাতে চাই না। কোনও সম্প্রচারকারী সংস্থা IPL দেখানোর আবেদন করলে আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব।” অর্থাৎ স্টার স্পোর্টস-সহ যে কোনও আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম বাংলাদেশে IPL দেখাতে পারবে।
প্রসঙ্গত, আগে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার IPL সম্প্রচার, বিজ্ঞাপন ও প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল। এমনকি স্থানীয় কেবল অপারেটরদেরও নির্দেশ দেওয়া হয়েছিল টুর্নামেন্ট না দেখানোর জন্য। তবে এখন সেই নির্দেশ কার্যত বাতিল হয়ে গেছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনের কর্তারা।
Good Morning, folks ☀️
— IndianPremierLeague (@IPL) March 28, 2026
It's #TATAIPL day 🥳 pic.twitter.com/DlOED5XZyI
রাজনৈতিক পরিবর্তনের পর থেকেই ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বার্তা দিয়েছে নতুন সরকার। সেই প্রেক্ষাপটে ক্রিকেটকেও কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে। দেশের ক্রীড়ামন্ত্রীও আগেই ইঙ্গিত দিয়েছিলেন, এই নিষেধাজ্ঞা নিয়ে পুনর্বিবেচনা করা হবে।
উল্লেখ্য, IPL-এর নিলামে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে কিনলেও বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে শেষ পর্যন্ত দলে রাখা হয়নি। সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তেজনা তৈরি হয়েছিল দুই দেশের মধ্যে।
তবে এখন সেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। নতুন সরকারের বার্তা স্পষ্ট—খেলার মাধ্যমে সম্পর্ক মজবুত করতে চায় বাংলাদেশ। ফলে আইপিএল সম্প্রচার নিয়ে আর কোনও বাধা থাকছে না, এমনটাই জানানো হয়েছে।












