হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ সময় হিসেবে ধরা হয় ‘পুরুষোত্তম মাস’কে। চলতি বছর ১৭ মে থেকে শুরু হয়েছে এই বিশেষ মাস, যা চলবে আগামী ১৫ জুন পর্যন্ত। ধর্মীয় মতে, এই সময় ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। পুরুষোত্তম মাসকে অনেকেই ‘মলমাস’ নামেও চেনেন। প্রতি তিন বছর অন্তর এই অতিরিক্ত মাস হিন্দু পঞ্জিকায় যোগ করা হয়। (Astrology Tips)
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সৌর বছর ৩৬৫ দিনের হলেও চান্দ্র বছর হয় ৩৫৪ দিনের। অর্থাৎ দু’টির মধ্যে প্রায় ১১ দিনের পার্থক্য তৈরি হয়। সেই ব্যবধান দূর করতেই নির্দিষ্ট সময় অন্তর এই অতিরিক্ত মাস যোগ করা হয়। এর ফলে হিন্দু উৎসবগুলি সঠিক ঋতু ও সময়ে পালিত হতে পারে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই পুরো মাস ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয় বলেই এর নাম ‘পুরুষোত্তম মাস’।
শাস্ত্রমতে, এই সময়ে জপ, তপস্যা, পূজাপাঠ ও দানের ফল সাধারণ দিনের তুলনায় অনেক গুণ বেশি শুভ হয়। তাই বহু মানুষ এই মাসে বিশেষ নিয়ম মেনে পুজো ও ধর্মীয় আচার পালন করেন।
এই মাসে কী কী করা উচিত?
ভগবান বিষ্ণুর মন্ত্র জপ
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পুরুষোত্তম মাসে ভগবান বিষ্ণুর নাম স্মরণ ও মন্ত্র জপ অত্যন্ত শুভ। বলা হয়, নিয়মিত মন্ত্র জপ করলে জীবনের নানা বাধা, দুঃখ-কষ্ট দূর হতে পারে এবং মনের ইচ্ছাও পূরণ হয়। তুলসীর মালা হাতে নিয়ে প্রতিদিন অন্তত ১০৮ বার মন্ত্র জপ করার পরামর্শ দেওয়া হয়। অনেকেই এই সময়ে ‘ওঁ নমো ভগবতে বাসুদেবায়’ মন্ত্র জপ করেন। (Astrology Tips)
দানের বিশেষ গুরুত্ব
এই মাসে দানকে অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয়েছে, পুরুষোত্তম মাসে করা দান কখনও বিফলে যায় না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র ও অভাবী মানুষদের খাদ্য, বস্ত্র বা অর্থ দান করা ভালো বলে মনে করা হয়। পাশাপাশি অনেকেই মন্দিরে প্রদীপ জ্বালান বা ধর্মীয় কাজে সাহায্য করেন।
শুক্রবার লক্ষ্মী-গণেশের পুজো করুন, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি
নিয়ম মেনে করুন পুজো
এই সময়ে ভগবান বিষ্ণুর আরাধনা, গীতা পাঠ, ভজন-কীর্তন বা নামস্মরণ করাও শুভ বলে ধরা হয়। অনেক ভক্ত এই পুরো মাস নিরামিষ আহার গ্রহণ করেন এবং যতটা সম্ভব শান্ত ও সৎ জীবনযাপন করার চেষ্টা করেন। ধর্মীয় মতে, এতে মানসিক শান্তি বাড়ে এবং সংসারে ইতিবাচক প্রভাব পড়ে। (Astrology Tips)
বিশ্বাস করা হয়, ভক্তিভরে এই মাস পালন করলে জীবনের নানা সমস্যা কাটিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ খুলে যেতে পারে।












