---Advertisement---
lifezone nursing home

Air India Flight Cancelled: একগুচ্ছ বিমান বাতিল এয়ার ইন্ডিয়ার, কোন কোন রুটে বন্ধ হচ্ছে পরিষেবা?

May 13, 2026 9:05 PM
Air India Flight Cancelled
---Advertisement---

আন্তর্জাতিক বিমান পরিষেবায় বড়সড় কাটছাঁটের ঘোষণা করল ভারতের অন্যতম প্রথম সারির বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’ (Air India)। সম্প্রতি ওই বিমান সংস্থার তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, চলতি বছরে জুন থেকে অগস্ট পর্যন্ত একাধিক আন্তর্জাতিক রুটে সাময়িকভাবে উড়ান বন্ধ রাখা হবে, আবার বেশ কিছু রুটে ফ্লাইটের সংখ্যাও কমিয়ে দেওয়া হচ্ছে। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

উল্লেখ্য, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশবাসীকে জ্বালানি খরচা কমানোর জন্য বিমানে বিদেশ ভ্রমণে খানিক হ্রাস টানতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ পালনে কি না জানা নেই, তবে আপাতত আগামী দু’মাসের জন্য একগুচ্ছ বিমান বাতিল করেছে এয়ার ইন্ডিয়া।

যদিও সংস্থার তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে একাধিক দেশের আকাশপথে বিমান চলাচলে নানা রকম বিধিনিষেধ এবং লাগাতার বিমানের জ্বালানির দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যাত্রীদের যাতে শেষ মুহূর্তে এসে হয়রানির শিকার না হতে হয় তার জন্যই আগেভাগে বিমান সংখ্যা কমিয়ে এবং কিছু রুট সম্পূর্ণ বন্ধ করে সকলকে সেই খবর পৌঁছে দিতেই এই উদ্যোগ নিয়েছে এয়ার ইন্ডিয়া। (Air India Flight Cancelled)

কোন কোন রুটে বন্ধ হচ্ছে পরিষেবা?

এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার রুটগুলিতে। দিল্লি-শিকাগো পরিষেবা আপাতত পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এছাড়াও দিল্লি-সাংহাই এবং চেন্নাই-সিঙ্গাপুর, মুম্বাই-ঢাকা রুটেও উড়ান স্থগিত থাকবে অগস্ট পর্যন্ত।

শুধু তাই নয়, একাধিক জনপ্রিয় আন্তর্জাতিক রুটে ফ্লাইটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে। দিল্লি-সান ফ্রান্সিসকো রুটে সপ্তাহে ১০টি ফ্লাইটের বদলে চলবে ৭টি। দিল্লি-টরন্টো রুটে জুলাই পর্যন্ত ১০টির বদলে ৫টি উড়ান চলবে, যদিও অগস্ট থেকে ফের প্রতিদিন পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। দিল্লি-ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট কমছে। তবে মুম্বই-নিউয়ার্ক রুটে উল্টে পরিষেবা বাড়িয়ে সপ্তাহে ৩টির বদলে ৭টি ফ্লাইট চালানো হবে। (Air India Flight Cancelled)

ইউরোপের ক্ষেত্রেও একাধিক শহরে পরিষেবা কমছে। দিল্লি-প্যারিস রুটে সপ্তাহে ১৪টির বদলে চলবে ৭টি ফ্লাইট। পাশাপাশি কোপেনহেগেন, মিলান, ভিয়েনা, জুরিখ ও রোমের ক্ষেত্রেও সাপ্তাহিক উড়ান সংখ্যা কমানো হচ্ছে। অস্ট্রেলিয়ার রুটেও কাটছাঁট করা হয়েছে। দিল্লি-মেলবোর্ন এবং দিল্লি-সিডনি, দুই ক্ষেত্রেই সপ্তাহে ৭টির বদলে ৪টি করে ফ্লাইট চলবে।

Aircraft Crash Maharashtra: মহারাষ্ট্রের বারামতিতে আছড়ে পড়লো প্রশিক্ষণের বিমান, দুর্ঘটনার পরই বিমানে আগুন

এশিয়া এবং সার্ক (SAARC) এর অন্তর্ভুক্ত দেশগুলির রুটেও প্রভাব পড়েছে। দিল্লি-সিঙ্গাপুর রুটে সপ্তাহে ২৪টির বদলে ১৪টি ফ্লাইট চলবে। মুম্বই-সিঙ্গাপুর রুটেও ফ্লাইট অর্ধেক করা হয়েছে। এছাড়া দিল্লি-ব্যাঙ্কক, মুম্বই-ব্যাঙ্কক, দিল্লি-কুয়ালালামপুর, হো চি মিন সিটি, হ্যানয়, কাঠমান্ডু, ঢাকা ও কলম্বো রুটেও উড়ান কমানো হয়েছে। অন্যদিকে মুম্বই-ঢাকা পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

তবে এত কাটছাঁটের পরেও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা প্রতি মাসে এখনও ১২০০-র বেশি আন্তর্জাতিক উড়ান চালিয়ে যাবে। উত্তর আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, অস্ট্রেলিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটেও পরিষেবা বজায় থাকছে।

সংস্থার তরফে জানানো হয়েছে, যে সব যাত্রীর উড়ান বাতিল হবে বা সময়সূচির পরিবর্তিত হবে, তাদের জন্য বিকল্প বুকিং, বিনামূল্যে তারিখ পরিবর্তন অথবা সম্পূর্ণ টাকা ফেরতের ব্যবস্থা করে দেওয়া হবে। ভবিষ্যতে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা ফের পুনরায় জোরকদমে চালু করা হবে। (Air India Flight Cancelled)


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুল ও সত্য তথ্য তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিষয়ে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment