ঝাড়খণ্ডে ফুচকা খেয়ে এক কিশোরের মর্মান্তিক (Jharkhand Incident) মৃত্যু। ১৮ জন কিশোর হাসপাতালে ভর্তি। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, ঝাড়খণ্ডের গিরিডিতে রাস্তার ধারের একটি দোকানে ফুচকা খেয়ে বছর ছয়কের এক কিশোরের মৃত্যু হয়েছে এবং ১৮ জন শিশু হাসপাতালে ভর্তি। অসুস্থ শিশুদের, সকলেরই তীব্র জ্বর, পেটে ব্যথা, বমি এবং ডায়রিয়া দেখা দেয় এবং চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের মুফাসিল থানা এলাকার বাজতো গ্রামে। খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কোনও কারণ, তদন্তে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। গ্রামবাসীদের অভিযোগ, তাঁরা সকলে একই বিক্রেতার কাছ থেকে ফুচকা কিনে খেয়েছিলেন। সেই ফুচকা খাওয়ার পর রাতে বেশ কয়েকজন অসুস্থ বোধ করতে শুরু করেন এবং রবিবার সকালে তাঁদের মধ্যে অনেকের জ্বর ও পেটে ব্যথার মতো উপসর্গ দেখা যায়। তাঁদের অবস্থার অবনতি হলে গ্রামবাসীরা রোগীদের হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ বছর বয়সী কিশোরটির মৃত্যু হয়। অন্যরা এখনও চিকিৎসাধীন। ঘটনার পর স্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা হাসপাতাল পরিদর্শন করেন। রোগীদের সঙ্গে কথা বলেন, চিকিৎসার ব্যবস্থা পর্যালোচনা করেন এবং তদন্তের নির্দেশ দেন। পালমোর বাসিন্দা ওই ফুচকা বিক্রেতা পলাতক।
প্রশাসনিক স্তরে এই বিষয়টিকে প্রাথমিকভাবে বিষক্রিয়া(Jharkhand Incident) বলে মনে করা হচ্ছে। সিভিল সার্জন ডঃ বাচ্চা প্রসাদ সিং বলেন, ফুচকা খেয়ে লোকজন অসুস্থ হয়ে পড়েন। তিনি আরও জানান, ১৮ জন রোগীর অবস্থা স্থিতিশীল এবং ঘটনার সঠিক কারণ কী তদন্তের পর তা নিশ্চিত হবে।












