মহারাষ্ট্রে অটো, ট্যাক্সি এবং অ্যাপ-ক্যাব চালকদের এবার থেকে মারাঠি জানা বাধ্যতামূলক। যাত্রীদের সঙ্গে ঠিকমতো কথা বলতে না পারলে বা প্রয়োজনীয় মারাঠি ভাষাজ্ঞান না থাকলে চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি পরিস্থিতি অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স বাতিল পর্যন্ত করা হতে পারে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার।বুধবার ‘মোটর ভেহিকলস আইন, ১৯৮৯’-এ সংশোধন করে এই নতুন নিয়ম আনার কথা ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ অগস্ট থেকে নিয়মটি কার্যকর হওয়ার কথা।
প্রথমে লাইসেন্স সাসপেন্ড, পরে বাতিল
নতুন নিয়ম অনুযায়ী, গণপরিবহণের সঙ্গে যুক্ত চালকদের ন্যূনতম মারাঠি ভাষাজ্ঞান থাকতে হবে। কোনও চালক প্রয়োজনীয় ভাষাজ্ঞান না রাখলে প্রথমে তাঁর ড্রাইভিং লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হতে পারে। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় মারাঠি না শিখলে আরও কঠোর পদক্ষেপ করা হতে পারে। সেক্ষেত্রে লাইসেন্স বাতিলের মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে।
মহারাষ্ট্রের পরিবহণমন্ত্রী প্রতাপ সরনায়েক জানিয়েছেন, চালকদের এমন পর্যায়ের মারাঠি জানতে হবে যাতে তাঁরা যাত্রীদের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা বলতে পারেন এবং তাঁদের সমস্যাগুলি বুঝতে পারেন। (Mandatory Marathi Language)
কেন এই সিদ্ধান্ত?
সরকারের যুক্তি, অটো বা ট্যাক্সিতে যাতায়াতের সময় অনেক যাত্রী চালকদের সঙ্গে ভাষাগত সমস্যায় পড়েন। বিশেষ করে মারাঠি না জানা চালকদের সঙ্গে যোগাযোগ করতে গিয়ে সমস্যা হচ্ছে বলে অভিযোগ এসেছে। সেই কারণেই যাত্রী ও চালকের মধ্যে যোগাযোগ আরও সহজ করা এবং পরিষেবার মান বাড়ানোর লক্ষ্যেই এই নিয়ম আনা হয়েছে বলে সরকারের বক্তব্য।
নতুন নিয়ম বৈধ পারমিট থাকা অটো, ট্যাক্সি এবং ইলেকট্রনিক মিটারযুক্ত অ্যাপ-ভিত্তিক ক্যাবের চালকদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভাষা শেখানোর ব্যবস্থাও করবে সরকার
তবে শুধু শাস্তির পথে হাঁটতে চাইছে না সরকার। চালকদের মারাঠি শেখানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার কথাও জানানো হয়েছে।আইন কার্যকর হওয়ার আগে পরিবহণ দফতর চালক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করবে। ফলে নতুন নিয়ম কীভাবে বাস্তবে কার্যকর হবে, তা নিয়ে এখনও বেশ কিছু বিষয় পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
অভয়াকে তড়িঘড়ি সৎকার, ফাইল খুলতেই গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ
সিদ্ধান্ত ঘিরে শুরু রাজনৈতিক বিতর্ক
তবে সরকারের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। শাসক শিবিরের বক্তব্য, মহারাষ্ট্রের ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি সাধারণ যাত্রীদের সঙ্গে চালকদের যোগাযোগ সহজ করাই এর উদ্দেশ্য। (Mandatory Marathi Language)
অন্যদিকে বিরোধীদের একাংশের প্রশ্ন, ভাষা শেখার জন্য উৎসাহ দেওয়া যেতে পারে, কিন্তু ভাষা না জানার কারণে জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত ড্রাইভিং লাইসেন্স বাতিলের মতো কঠোর ব্যবস্থা কি আদৌ যুক্তিসঙ্গত?
সব মিলিয়ে, ১৮ অগস্ট থেকে নতুন নিয়ম চালু হলে মহারাষ্ট্রের অটো, ট্যাক্সি ও অ্যাপ-ক্যাব চালকদের জন্য মারাঠি শেখা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, তা স্পষ্ট।













1 thought on “মারাঠি না জানলে অটো-ট্যাক্সির লাইসেন্সেও কোপ, ১৮ অগস্ট থেকে নতুন নিয়ম মহারাষ্ট্রে”