ঠিক এক বছর আগে আজকের দিনেই পহেলগাম হামলার যোগ্য জবাব দিতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান শুরু করেছিল ভারত। বৃহস্পতিবার এই অভিযানের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেনার স্পষ্ট হুঁশিয়ারি, ‘সন্ত্রাসবাদীদের কোনও রেহাই নেই, ভারত জঙ্গিদের খুঁজে খুঁজে শাস্তি দেবে।’ সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। এই বিশেষ দিনটি স্মরণ করতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এর নিজের প্রোফাইলের DP পরিবর্তন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের সাহসিকতাকে কুর্নিশ জানিয়েছেন। তিনি লেখেন, “পহেলগামে নিরপরাধ ভারতীয়দের ওপর হামলার দুঃসাহস যারা দেখিয়েছিল, আমাদের বীর জওয়ানরা তাদের যোগ্য জবাব দিয়েছেন। প্রধানমন্ত্রীর মতে, ‘অপারেশন সিঁদুর’ ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এক দৃঢ় বার্তা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় অটল প্রতিশ্রুতির প্রতিফলন”।
সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযানটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং জল-স্থল-আকাশ—এই তিন বাহিনীর অভাবনীয় সমন্বয়ের ফলে সন্ত্রাসবাদীদের ডেরাগুলো পুরোপুরি ছারখার করে দেওয়া সম্ভব হয়েছিল। অন্য একটি ভিডিয়োতে সেনার বিশেষ বার্তা— ‘ভারত কিছুই ভোলেনি এবং কাউকে ক্ষমাও করেনি।’
অন্যদিকে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, নির্মলা সীতারামন এবং অশ্বিনী বৈষ্ণবের মতো শীর্ষ কেন্দ্রীয় মন্ত্রীরাও তাঁদের প্রোফাইল ছবি বদলে এই অভিযানে ভারতীয় সেনাবাহিনীর শৌর্যকে সম্মান জানিয়েছেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের মৃত্যুর পর পাল্টা আঘাত হানতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। মাত্র চার দিনের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) নয়টি প্রধান জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদের মতো সংগঠনের একাধিক শীর্ষ কমান্ডারসহ ১০০-র বেশি জঙ্গিকে খতম করে এই অভিযানে এক অনন্য নজির গড়েছিল ভারতীয় সশস্ত্র বাহিনী।











