ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

নাম নয়, পরিচয় হবে ‘বিবি’! আফগান মহিলাদের জন্য তালিবানের নয়া নির্দেশ ঘিরে বিতর্ক

---Advertisement---
Choose Hindustan News Point on Google

আফগানিস্তানে মহিলাদের ব্যক্তিগত পরিচয় মুছে দেওয়ার অভিযোগ উঠল তালিবান প্রশাসনের বিরুদ্ধে। এবার সরকারি নথিতে মহিলাদের আসল নাম ব্যবহারেও নিষেধাজ্ঞা জারির খবর সামনে এসেছে। উত্তর আফগানিস্তানের বলখ প্রদেশে সরকারি কর্মীদের মহিলাদের নামের পরিবর্তে ‘বিবি’ বলে সম্বোধন করার নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ। শুধু সরকারি নথি নয়, হাসপাতালের প্রেসক্রিপশন এবং চিকিৎসা সংক্রান্ত নথিতেও মহিলাদের নাম উল্লেখ করা যাবে না বলে জানানো হয়েছে। এই নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। (Taliban Ban on Afghan Women’s Names)

নামের বদলে ‘বিবি’, কোথাও ‘গরু’ বা ‘ছাগল’!

আফগান সংবাদ মাধ্যম জান টাইমস এবং ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ানের অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সেখানে বলা হয়েছে, বলখ প্রদেশের স্বাস্থ্যকর্মী-সহ সরকারি কর্মীদের মহিলাদের ‘বিবি’ বলে সম্বোধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ‘বিবি’ শব্দের অর্থ সাধারণত বয়স্ক মহিলা বা দিদিমা। জার্মানিতে বসবাসকারী আফগান সমাজকর্মী লালাহ ওসমানি জানিয়েছেন, পরিস্থিতি আরও উদ্বেগজনক। তাঁর অভিযোগ, কোথাও কোথাও মহিলাদের নামের পরিবর্তে গরু বা ছাগলের মতো অবমাননাকর শব্দও ব্যবহার করা হচ্ছে। তাঁর মতে, এভাবে মহিলাদের নাম কেড়ে নেওয়া আসলে তাঁদের স্বতন্ত্র পরিচয় মুছে ফেলারই চেষ্টা। (Taliban Ban on Afghan Women’s Names)

আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই সরকারি নথিতে মহিলাদের নিজেদের নামের পরিবর্তে কারও স্ত্রী বা মেয়ে হিসেবে পরিচয় দেওয়ার প্রবণতা রয়েছে। এমনকী সমাধিফলকেও অনেক সময় মহিলাদের নাম লেখা হয় না।

দেশজুড়ে ছড়াতে পারে নিষেধাজ্ঞা?

এই মুহূর্তে নিষেধাজ্ঞার খবর বলখ প্রদেশকে কেন্দ্র করে সামনে এলেও, ভবিষ্যতে তা গোটা দেশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সমাজকর্মীরা। আমেরিকাভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির অধিকর্তা জুবাইদা আকবরের মতে, স্থানীয় স্তরে জারি হওয়া বিধিনিষেধ আগেও পরবর্তী সময়ে দেশজুড়ে কার্যকর হয়েছে। ফেমেনার তথ্য অনুযায়ী, আফগান মহিলাদের অধিকার খর্ব করতে ইতিমধ্যেই ১৪৪ টিরও বেশি নির্দেশিকা জারি করেছে তালিবান প্রশাসন। ১২ বছরের বেশি বয়সি মেয়েদের পড়াশোনায় বাধা, অধিকাংশ ক্ষেত্রে মহিলাদের চাকরি নিষিদ্ধ করা এবং প্রকাশ্যে তাঁদের কথা বলার উপর বিধিনিষেধ তার মধ্যে অন্যতম। (Taliban Ban on Afghan Women’s Names)

হাসপাতালের নথিতেও তৈরি হতে পারে সমস্যা

এই নির্দেশের প্রভাব শুধু মহিলাদের সামাজিক পরিচয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। হাসপাতালের নথিতেও বড় সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কা লালাহ ওসমানির। একাধিক রোগীর নাম একইভাবে নথিভুক্ত হলে চিকিৎসার ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে। এমনকী ভুল চিকিৎসার ঝুঁকিও বাড়তে পারে। উল্লেখ্য, আফগানিস্তানে মহিলাদের চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও নানা বিধিনিষেধ রয়েছে। ওসমানির মতে, একজন মানুষের নামের সঙ্গে তাঁর পরিচয়, কণ্ঠস্বর এবং জীবনের গল্প জড়িয়ে থাকে। সেই নাম কেড়ে নেওয়া মানে তাঁকে সমাজ এবং ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা। যে দেশে পরিবারের সম্মানের দোহাই দিয়ে মহিলাদের নিজের নামে পরিচিত হওয়াও অনেক সময় বাধার মুখে পড়ে, সেখানে নিজের নাম ফিরে পাওয়ার দাবিই এখন প্রতিবাদের ভাষা হয়ে উঠছে। (Taliban Ban on Afghan Women’s Names)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Choose Hindustan News Point on Google

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now