জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস ছাড়াতে মেয়েকে এমন শিক্ষা দিলেন বাবা, যা দেখে নেটিজেনদের মুখে হাসির সঙ্গে সঙ্গে উঠছে একাধিক প্রশ্ন। ল্যাপটপ আর কম্পিউটারের মাউসকে আল্ট্রাসাউন্ড যন্ত্র বানিয়ে মেয়ের পেটের ভিতরে কিলবিল করতে থাকা কৃমি দেখালেন বাবা। আর সেই দৃশ্য দেখে ভয়ে কেঁদে ফেলল ছোট্ট মেয়েটি। শেষমেশ মায়ের কোলে আশ্রয় নিয়ে প্রতিজ্ঞা করল, আর জাঙ্ক ফুড খাবে না। কিন্তু বাবার এই অভিনব কৌশল দেখে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা।
Viral Video: মেয়ের বদভ্যাসের ছাড়াতে কৌশল বাবার
সম্প্রতি ইনস্টাগ্রামে আর্চনা সিং নামে এক ব্যবহারকারী এই ভিডিয়োটি পোস্ট করেন। সেখানেই দেখা যায়, বাবা একটি ল্যাপটপের সঙ্গে কম্পিউটারের মাউস জুড়ে সেটিকে আল্ট্রাসাউন্ডের যন্ত্র হিসেবে ব্যবহার করছেন। মেয়ের পেটের উপর মাউস ঘোরাতেই ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে পেটের ভিতরে কৃমি থাকার একটি সাজানো দৃশ্য।
আসলে পুরো ব্যাপারটাই ছিল বাবার পরিকল্পিত নাটক। মেয়েকে বোঝানোর চেষ্টা, অতিরিক্ত চিপস, চকোলেট, বিস্কুটের মতো জাঙ্ক ফুড খেলে পেটের ভিতরে কৃমি হতে পারে। কিন্তু বাবার এই ‘আল্ট্রাসাউন্ড রিপোর্ট’ যে ছোট্ট মেয়েটিকে এতটা ভয় পাইয়ে দেবে, তা বোধহয় ভাবেননি তিনি।
ভিডিয়োতে দেখা যায়, স্ক্রিনে পেটের ভিতরে কৃমি দেখেই ভয়ে কেঁদে ফেলে শিশুটি। এরপর মায়ের কাছে ছুটে গিয়ে তাঁকে জড়িয়ে ধরে। সেই সঙ্গে জানিয়ে দেয়, আর জাঙ্ক ফুড খাবে না সে।
ভিডিয়ো দেখে নেটিজেনদের মিশ্র প্রতিক্রিয়া
তবে এই ‘চিকিৎসা’ দেখে নেটিজেনদের একাংশের প্রশ্ন, বাচ্চাদের ভালো অভ্যাস শেখাতে এমন ভয় দেখানো কি আদৌ ঠিক?
কারও মতে, ছোটদের জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক বোঝাতে এমন মজার কৌশল মন্দ নয়। আবার অনেকে মনে করছেন, এভাবে ভয় দেখিয়ে সাময়িকভাবে অভ্যাস বদলানো গেলেও শিশুর মনে অকারণ আতঙ্ক তৈরি হতে পারে।
এক নেটিজেন মজা করে লিখেছেন, “বাচ্চাটার একজন আইনজীবী দরকার!” আর এক ব্যবহারকারীর মন্তব্য, “পরে যখন বাচ্চারা মিথ্যে বলতে শিখবে, তখন আমরা অবাক হই। অথচ ছোটখাটো মিথ্যে আর মানুষকে ঠকানো তারা কোথা থেকে শিখছে, সেটা একবার ভাবুন!”
এবার এসি বাসে করে দেখুন সাবেকি পুজো, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের
কেউ আবার লিখেছেন, “সন্তানকে শেখানোর এও এক উপায়!” যদিও ভিডিয়ো দেখে শিশুটির মনে দীর্ঘমেয়াদি ভয়ের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। (Viral Video)
প্রসঙ্গত, জাঙ্ক ফুডের ক্ষতিকর দিক বোঝাতে এমন কৌশল এই প্রথম নয়। চলতি মাসের গোড়াতেই একই ধরনের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে। সেখানে দেখা যায়, এক শিক্ষক পড়ুয়াদের পেটের ভিতরে কৃমি তৈরি হওয়ার একটি দৃশ্য দেখিয়ে জাঙ্ক ফুড খাওয়ার ক্ষতিকর দিক বোঝাচ্ছেন।
চিপস, বিস্কুট আর চকোলেট খেলে শরীরে কী ধরনের সমস্যা হতে পারে, তা বোঝাতেই ওই শ্রেণিকক্ষের প্রদর্শনী বলে দাবি করা হয়েছিল।
সব মিলিয়ে, বাচ্চাদের জাঙ্ক ফুড থেকে দূরে রাখার এই চেষ্টা অভিনব হলেও প্রশ্নটা থেকেই যাচ্ছে—অভ্যাস বদলাতে ভয় দেখানো কতটা যুক্তিযুক্ত? বাবা-মায়ের কাছে হয়তো এটা নিছক মজার কৌশল, কিন্তু ছোটদের কাছে সেই যে সেটাই একেবারে সত্যি আতঙ্ক হয়ে উঠতে পারে, তা বলাই বাহুল্য।










1 thought on “মেয়ের জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করতে অভিনব আল্ট্রাসাউন্ড করলেন বাবা, তারপর যা হলো…”
Comments are closed.