দুর্গাপুজো মানেই শুধু মণ্ডপে মণ্ডপে ঘোরা নয়, কলকাতার বনেদি বাড়ির সাবেকি পুজো দেখার মধ্যেও লুকিয়ে রয়েছে এক অন্যরকম আনন্দ। কোথাও কয়েকশো বছরের পুরনো ঐতিহ্য, কোথাও রানি রাসমণির বাড়ির পুজো, আবার কোথাও ঠাকুরদালানের সাবেকি আলপনা সবেতেই লুকিয়ে আছে আভিজাত্য। কিন্তু যানজট, ভিড় আর একের পর এক বাড়ি খুঁজে বের করার ঝক্কিতে অনেকেরই সেই ইচ্ছা পূরণ হয় না। তবে মন খারাপ করার দরকার নেই। এবার সেই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের (WBTC) উদ্যোগে দুর্গাপুজো ২০২৬-এ চালু হচ্ছে ‘সাবেকি বনেদি বাড়ির পুজো পরিক্রমা’। এক বাসে চেপেই কলকাতার একাধিক ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজো দেখার সুযোগ পাবেন দর্শনার্থীরা। সঙ্গে থাকছে খাওয়াদাওয়া থেকে যাতায়াতের বিশেষ ব্যবস্থাও।
Pujo Parikroma 2026: কোন কোন বনেদি বাড়ির পুজো দেখাবে WBTC?
WBTC-র প্রকাশিত সূচি অনুযায়ী, সপ্তমী থেকে নবমী অর্থাৎ ১৭, ১৮, ১৯ ও ২০ অক্টোবর এই বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। এসি ভলভো বাসে চেপে উত্তর থেকে দক্ষিণ কলকাতার একাধিক ঐতিহ্যবাহী পুজো ঘুরে দেখানো হবে।
এই পরিক্রমায় থাকছে বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, দুটো শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু ও লাটুবাবুর বাড়ি (অষ্টমী ব্যতীত), রানি রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, বেহালা সোনার দুর্গা বাড়ি, সাবর্ণ রায় চৌধুরী বাড়ির আটচালার পুজো, সাবর্ণ রায় চৌধুরীদের মেজো বাড়ির পুজো।
অর্থাৎ, কলকাতার বনেদি বাড়ির পুজোর ইতিহাস, ঐতিহ্য ও সাবেকি ঠাকুরদালানের সৌন্দর্য একসঙ্গে দেখার সুযোগ মিলবে এই বিশেষ পরিক্রমায়।
গাড়ির সিটের তলায় লুকিয়ে পাচার হতো গরু, সোনারপুরে গ্রেফতার কিংপিন
কখন ছাড়বে বাস, কীভাবে করবেন বুকিং?
পরিবহণ নিগমের সূচি অনুযায়ী, বাস ছাড়বে এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে সকাল ৮টায়। যাত্রীদের সকাল সাড়ে ৭টার মধ্যে পৌঁছে রিপোর্টিং করতে হবে।
এই প্যাকেজের জন্য মাথাপিছু ২৪০০ টাকা ভাড়া ধার্য হয়েছে। তবে ৫ থেকে ১০ বছর বয়সি শিশুদের ক্ষেত্রে ভাড়া হবে ১৮৫০ টাকা। পাঁচ বছরের কম বয়সি শিশুদের কোনও ভাড়া লাগবে না, তবে তাদের জন্য আলাদা আসন সংরক্ষণের ব্যবস্থা নেই।
পুজো পরিক্রমার সঙ্গে থাকছে সকালের জলখাবার, পুরনো দিনের হারিয়ে যাওয়া বাঙালি পদ দিয়ে দুপুরের খাবার, চা ও পানীয় জলের ব্যবস্থা। তবে যাত্রীদের সঙ্গে সচিত্র পরিচয়পত্র রাখা বাধ্যতামূলক।
বুকিং ও যোগাযোগ: পুজো পরিক্রমার টিকিট এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন WBTC-র হেল্পলাইন নম্বরে।
- ফোন: ৯৪৩২১৪৮১৬৮/৯৪৩২০২২১৪৭
- হোয়াটসঅ্যাপ: ৯৮৩০১৭৭০০০
তাই এবার পুজোয় শুধু আলো ঝলমলে মণ্ডপ নয়, এক বাসে চেপেই কলকাতার বনেদি বাড়ির সাবেকি পুজোর স্বাদ নেওয়ার সুযোগ করে দিচ্ছে রাজ্য পরিবহণ নিগম।










3 thoughts on “এবার এসি বাসে করে দেখুন সাবেকি পুজো, বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের”
Comments are closed.