এবার তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ দলীয় ভবনে বন্ধ করে দিল কলকাতা পুলিশ। শুক্রবার গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে ভবনে ঢোকার রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়। কলকাতা পুরসভার (KMC) অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। তবে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার ওই ভবনে এখনও নির্মাণকাজ চলছে। এই অবস্থায় সেখানে দলীয় বৈঠক বা রাজনৈতিক কর্মসূচি হলে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখেই যাতায়াত বন্ধ রাখার জন্য কলকাতা পুরসভার তরফে পুলিশকে জানানো হয়েছিল। এরপরই শুক্রবার রাতে আনন্দপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভবনের সামনে গার্ডরেল বসিয়ে দেয়।
TMC Office Sealed: গভীর রাতে পৌঁছন কুণাল ঘোষেরা
জানা গিয়েছে, নির্মাণকাজ চলা সত্ত্বেও ওই ভবনে মমতা তৃণমূলের দলীয় বৈঠক চলছিল। বিষয়টি পুলিশের নজরে আসতেই পদক্ষেপ করা হয়। খবর পৌঁছয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তাঁর নির্দেশে গভীর রাতে সেখানে পৌঁছন কুণাল ঘোষ ও বৈশ্বানর চট্টোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা। পুলিশের সঙ্গে কথা বলে নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান তাঁরা। সেই অনুমতি দিয়েছে পুলিশ। তবে ভবনের ভিতরে কোনও রাজনৈতিক কার্যকলাপ বা বৈঠক করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
দলীয় কার্যালয় নিয়ে দুই শিবিরের টানাপোড়েন
উল্লেখ্য, নির্মাণকাজের কারণে আগেই তপসিয়ার এই ভবন থেকে দলীয় কার্যালয় মেট্রোপলিটনের নতুন ভবনে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই ভবন কার্যত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের নিয়ন্ত্রণে রয়েছে বলে সূত্রের খবর। তাই তপসিয়ার নির্মীয়মাণ ভবনটিই ফের ব্যবহারের পরিকল্পনা করেছিল মমতা তৃণমূল।
এদিকে পুলিশের পদক্ষেপের বিরোধিতা করেছেন তৃণমূল সাংসদ দোলা সেন। তিনি জানান, পুলিশ নির্দেশ মেনেই কাজ করছে, তবে আদালতের রায় অন্য কথা বলছে। দলীয় কার্যালয় দখল করতেই পুলিশ এই পদক্ষেপ করেছে বলে অভিযোগ তাঁর। শনিবার সকাল থেকেও ভবনের সামনে কলকাতা পুলিশের নজরদারি রয়েছে। আপাতত নির্মাণকাজ চললেও সেখানে রাজনৈতিক কার্যকলাপ বন্ধ।














