কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের জন্য এখনও পর্যন্ত সবচেয়ে সফলতম দিন। প্রতিযোগিতার পঞ্চম দিনে ভারতের ঝুলিতে এসেছে ছ’টি পদক। যার মধ্যে রয়েছে একটি ঐতিহাসিক সোনা, তিনটি রুপো এবং দুটি ব্রোঞ্জ। সব মিলিয়ে পাঁচ দিনের শেষে ভারতের ঝুলিতে রয়েছে ১০টি পদক। যার মধ্যে দুটি সোনা, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। (CWG 2026 India Medals)
ইতিহাস গড়লেন শর্মিলা
দিনের সবচেয়ে বড় সাফল্য এনে দেন প্যারা অ্যাথলিট শর্মিলা ধনখড়। মহিলাদের শটপাটে F57 বিভাগে ৯.৮১ মিটার থ্রো করে সোনা জিতলেন তিনি। এটিই তার এ মরশুমের সেরা পারফরম্যান্স। একই সঙ্গে কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনাজয়ী হিসেবেও নাম লেখান শর্মিলা। একই ইভেন্টে ভারতের শিলপা কে. শায়লা প্রথমে চতুর্থ হলেও নাইজেরিয়ার ইউকারিয়া ইইয়াজির বাতিল ঘোষণা করায় ব্রোঞ্জ পান। ফলে এই ইভেন্টে ভারতের জোড়া পদক আসে। (CWG 2026 India Medals)
ভারোত্তোলনে পদকের বন্যা
ভারতের পদক জয়ের বড় ভরসা হয়ে উঠেছে ভারোত্তোলন। মহিলাদের ৫৩ কেজি বিভাগে অভিষেক কমনওয়েলথ গেমসেই রুপো জেতেন জ্ঞানেশ্বরী যাদব। ৮৮ কেজি স্ন্যাচ ও ১১১ কেজি ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ব্যক্তিগত সেরা ১৯৯ কেজি তুলেছিলেন তিনি। যদিও নাইজেরিয়ার অনোমে ওমোলোলা দিদিহ ২০৬ কেজি তুলে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন। (CWG 2026 India Medals)
মহিলাদের ৫৮ কেজি বিভাগে ১৯৯ কেজি তুলে ব্রোঞ্জ জেতেন মণিপুরের বিন্দিয়ারানি দেবী। এটি তাঁর টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমস পদক। পুরুষদের ৭৯ কেজি বিভাগে অন্ধ্রপ্রদেশের ভল্লুরি অজয় বাবু ৩৩০ কেজি (১৪৯+১৮১) তুলে রুপো জেতেন। স্ন্যাচে ১৪৯ কেজি তুলে তিনি কমনওয়েলথ গেমস রেকর্ডও গড়েন। তবে মালয়েশিয়ার মহম্মদ এরি হিদায়াত ৩৩১ কেজি তুলে মাত্র এক কেজির ব্যবধানে সোনা জিতে নেন।
অ্যাথলেটিক্স, বক্সিং ও অন্যান্য ইভেন্টেও নজর
অ্যাথলেটিক্সে পুরুষদের হাই জাম্পে ২.২৫ মিটার টপকে রুপো জেতেন সর্বেশ কুশারে। কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে পদক জয়ী প্রথম ভারতীয় তিনি। ওই বিভাগে সোনা পান জামাইকার রোমেইন বেকফোর্ড। (CWG 2026 India Medals)
এদিকে পুরুষদের লং জাম্পে ৮.০১ মিটার লাফ দিয়ে ফাইনালে ওঠেন মুরলি শ্রিশঙ্কর। লোকেশ সত্যনাথনও ৭.৭৭ মিটার লাফিয়ে ফাইনালে জায়গা করে নেন। ১১০ মিটার হার্ডলসে তেজস শিরসে ফাইনালে উঠলেও শেষ পর্যন্ত অষ্টম হন। ১০০ মিটার দৌড়ে হিট থেকেই বিদায় নেন গুরিন্দরভীর সিং।
সাঁতারে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ফাইনালে উঠে অষ্টম হন সাজন প্রকাশ। ৮০০ মিটার ফ্রিস্টাইলে সপ্তম স্থানে শেষ করেন আরিয়ান নেহরা। ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ফাইনালে পঞ্চম হন স্বাতিক পাটিল। (CWG 2026 India Medals)
বক্সিংয়ে ভারতের জয়যাত্রাও অব্যাহত। পুরুষদের ৬০ কেজিতে ইংল্যান্ডের উইলিয়াম হিউইটকে ৪-১ ব্যবধানে হারান সচিন সিওয়াচ। ৮০ কেজিতে অ্যান্টিগুয়া ও বারবুডার জালান জানকে ৫-০ ব্যবধানে হারান অঙ্কুশ। মহিলাদের ৫১ কেজিতে বতসোয়ানার লেথাবো মডুকানেলেকে একই ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে ওঠেন সাক্ষী চৌধুরী।
বর্তমানে ভারতের পদকজয়ীদের তালিকায় রয়েছেন মীরাবাই চানু ও শর্মিলা ধনখড় (সোনা), ঋষিকান্ত সিং, মুথুপান্ডি রাজা, জ্ঞানেশ্বরী যাদব, সর্বেশ কুশারে ও ভল্লুরি অজয় বাবু (রুপো), এবং বিন্দিয়ারানি দেবী, শিলপা কে. শায়লা ও ঝান্ডু কুমার (ব্রোঞ্জ)। ভারতের মোট পদকসংখ্যা এখন ১০। (CWG 2026 India Medals)
আরও পড়ুন :- হ্যাটট্রিক সোনা মীরাবাইয়ের, কমনওয়েলথ গেমসে গড়লেন নতুন ইতিহাস













1 thought on “কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক সোনা জয় শর্মিলার, পঞ্চম দিনে ছ’টি পদক জিতে ভারতের পদকসংখ্যা ১০”