কয়েকদিন বাদেই শুরু হচ্ছে FIFA বিশ্বকাপ। এ বার ভারতে FIFA বিশ্বকাপ সম্প্রচারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। কারণ, বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা FIFA এখনও পর্যন্ত কোনও সংস্থার কাছেই ভারতে বিশ্বকাপের মিডিয়া সম্প্রচারের স্বত্ব বিক্রি করতে পারেনি। ফলে ২০২৬ বিশ্বকাপ ভারতীয় দর্শকরা কোথায় দেখবেন বা আদৌ দেখতে পাবেন কি না সেটাই এখন বড় প্রশ্ন। (FIFA World Cup)
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, ২০২৬ ও ২০৩০ সালের বিশ্বকাপ ভারতে সম্প্রচারের স্বত্ব বিক্রির প্রক্রিয়া শুরু করেছিল FIFA। প্রথমে এই স্বত্বের দাম ধার্য করা হয় প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার। তবে কোনও সংস্থাই এই বিপুল টাকা দিয়ে বিশ্বকাপ দেখাতে আগ্রহ দেখায়নি। এর পর সেই অঙ্কটা কমিয়ে প্রায় ৩৫ মিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়। তবে আশ্চর্যজনক বিষয় হলো, এখনও কোনও সম্প্রচার সংস্থা এই স্বত্ব কিনতে এগিয়ে আসেনি। যদিও JioHotstar তরফে ২৫ মিলিয়ন ডলারের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে অতীতের তুলনায় এই মূল্য উল্লেখযোগ্যভাবে কম। অথচ ২০২২ সালের কাতার বিশ্বকাপের ডিজিটাল স্বত্বের জন্য প্রায় ৬২ মিলিয়ন ডলার খরচ করেছিল Viacom18, সেখানে এ বার টাকার অঙ্ক কমলেও কোনও সংস্থার তরফেই উৎসাহ দেখানো হচ্ছে না। (FIFA World Cup)
এদিকে ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর খুব বেশি সময় নেই। ১২ জুন থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা। অথচ এখনও ভারতের জন্য কোনও অফিসিয়াল সম্প্রচারকারী চূড়ান্ত হয়নি। এর আগের বিশ্বকাপগুলিতে অনেক আগেই সম্প্রচার চুক্তি হয়ে যেত, তাই এবারের এমন পরিস্থিতি অস্বাভাবিক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
PF-এর টাকা তোলা যাবে UPI দিয়েও, চালু হচ্ছে EPFO 3.0
হঠাৎ কেন এই অনীহা? রিপোর্ট বলছে, বাজারে মন্দা, বিজ্ঞাপন থেকে আয়ের অনিশ্চয়তা এবং মিডিয়া সংস্থাগুলোর আর্থিক চাপ এই সব কারণেই এবারে FIFA World Cup-এর স্বত্ব কেনায় আগ্রহ কমেছে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির।
তবে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে এই অনীহার পিছনে আরও একটি বড় কারণ হলো ক্রিকেটে অত্যধিক ব্যায়। ইকোনমিক টাইমসের ওই রিপোর্ট অনুযায়ী, ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে ভারতে স্পোর্টস চ্যানেলগুলো ক্রিকেটের সম্প্রচার স্বত্ব কিনতে প্রায় ১০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। আরও একটি কারণ হচ্ছে সময়। এ বার বিশ্বকাপের আয়োজন মেক্সিকো, ক্যানাডা ও আমেরিকা। আর এই তিন দেশের সময় ভারতের থেকে পুরো উল্টো। বেশিরভাগ ভারতীয় সময়ে হবে মধ্যরাত বা কাকভোরে। যেই কারণে অনেকেই বিশ্বকাপ দেখবেন না। অত রাতে বিজ্ঞাপন দেখানোর জন্য সংস্থাগুলো আগ্রহ দেখাবে না। (FIFA World Cup)
সব মিলিয়ে, এবার ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। এখনও কোনও মিডিয়া সংস্থা না পাওয়ায় ভারতীয় ফুটবলপ্রেমীদের সামনে বড় প্রশ্ন-আসন্ন বিশ্বকাপ তাঁরা আদৌ টিভি বা ডিজিটাল প্ল্যাটফর্মে দেখতে পাবেন তো?













2 thoughts on “FIFA World Cup: আগ্রহী নয় কোনও সংস্থাই, ভারতে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারে অনিশ্চয়তা”