এশিয়ান গেমসে ভারতের সোনার খাতা খুলল মহিলা ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৭ রানে জয় ছিনিয়ে নিল হরমনপ্রীতরা। আর এই জয়ের ফলে পরপর দু’টি এশিয়ান গেমসে সোনা জিতল ভারতের মহিলা ক্রিকেট দল। একই সঙ্গে এই পদক নিয়ে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হলো ৭। গোটা ম্যাচে ভারতের দাপটের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি শ্রীলঙ্কার টিম।
Asian Games 2026: ব্যাট হাতে ভারতের রেকর্ডের বন্যা
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। এ বার মহিলাদের ক্রিকেটের ম্যাচগুলি এই একটি স্টেডিয়ামেই হওয়ায় পিচটি ভারতের ক্রিকেটারদের কাছে কিছুটা পরিচিতও ছিল। সেই সুবিধা কাজে লাগিয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলেন ভারতীয় ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৬ রানের বিশাল লক্ষ্য তৈরি করে ভারত।
ফের একবার বিধ্বংসী ব্যাটিং শেফালি বর্মার। ২৯ বলে ৪৮ রান করে থামেন তিনি। পাশাপাশি নজির কেড়েছে স্মৃতি মান্ধানা ইনিংসও। ৪৫ বলে ৭৯ রান করেন তিনি। শেফালি ও স্মৃতির জুটি গড়ে দেয় নতুন রেকর্ড। মহিলাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম জুটি হিসেবে ৪০০০ রানের পার্টনারশিপের নজির তৈরি করেন তাঁরা। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে ১১ হাজার রান পূর্ণ করেন স্মৃতি মান্ধানা।
এদিন অধিনায়ক হরমনপ্রীত কৌর অবশ্য ১৯ রান করেই ফিরে যান। তবে এরপর ইনিংসের শেষ দিকে ঝড় তোলেন রিচা ঘোষ। মাত্র ২২ বলে ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গে ভারতী ফুলমালিও অপরাজিত ছিলেন। ব্যাটারদের দাপটে ২০ ওভারে ২১৬ রান তুলে নেয় ভারত।
ভারতের এই বিশাল স্কোরের সামনে শ্রীলঙ্কার বোলিংও কার্যত অসহায় হয়ে পড়ে। অধিনায়ক চামারি আথাপাত্তু ২ ওভার বল করে ২৭ রান দেন। সুগন্ধিকা কুমারি, কাভিশা দিলহারি এবং চামুন্ডি প্রাবোদা একটি করে উইকেট নেন।
মিনি ডার্বিতে পক্ষপাতমূলক রেফারিংয়ের অভিযোগ, শিল্ড বয়কটে মহামেডান স্পোর্টিং
৬৯ রানেই শেষ শ্রীলঙ্কার ইনিংস
এরপর ২১৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। অধিনায়ক চামারি আথাপাত্তু ২১ বলে ২৯ রান করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু তাঁকে বাদ দিলে শ্রীলঙ্কার আর কোনও ব্যাটার বড় রান করতে পারেননি। কাভিশা দিলহারি ও কৌশানী নুথাঙ্গানা শুধু দুই অঙ্কের রানে পৌঁছতে পারেন। (Asian Games 2026)
এরপর একের পর এক ব্যাটার বড় শট খেলার চেষ্টা করতে গিয়ে ক্যাচ তুলে ফিরে যান ডাগ আউটে। মাত্র ১৫.৪ ওভারে ৬৯ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ১৪৭ রানের জয় পায় ভারত।ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীপ্তি শর্মাই। একাই তিনটি উইকেট নেন তিনি। শেফালি বর্মা, শ্রী চরণী এবং শ্রেয়াঙ্কা পাতিল নেন দু’টি করে উইকেট।
আর এই জয়ের সঙ্গেই এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটের হাত ধরেই প্রথম সোনা এলো ঘরে। শেষ হলো এশিয়ান গেমসে মহিলা ক্রিকেটের সফর। অন্যদিকে রুপো পেল শ্রীলঙ্কা এবং ব্রোঞ্জ পাকিস্তানের। আর এই সোনার হাত ধরেই এশিয়ান গেমসে ভারতের পদকসংখ্যা পৌঁছে গেল ৭-এ।












