মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহকদের জন্য বড়সড় স্বস্তির খবর। এতদিন ২৮ দিনের প্ল্যানকে মাসিক রিচার্জ বলে চালানোয় বছরে ১২ মাসের বদলে ১৩ বার রিচার্জ করতে হত গ্রাহকদের। এবার সেই সমস্যা মেটাতে নতুন নিয়ম এনেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। নতুন নিয়মে ৩০ দিনের রিচার্জ প্ল্যানের পাশাপাশি শুধুমাত্র কল ও এসএমএসের জন্যও বিশেষ রিচার্জের ব্যবস্থা করতে হবে টেলিকম সংস্থাগুলিকে। রবিবার এই নিয়মকে স্বাগত জানিয়ে গ্রাহকদের জন্য সুখবর ভাগ করে নিয়েছেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা।
30 Days Recharge Plan: কী কী সুবিধা পাবেন মোবাইল গ্রাহকরা?
ট্রাইয়ের ২২ সেপ্টেম্বর প্রকাশিত ‘টেলিকম কনজিউমার প্রোটেকশন (থার্টিন্থ অ্যামেন্ডমেন্ট) রেগুলেশনস, ২০২৬’ অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে ৩০ দিন বা তার কম মেয়াদের স্পেশাল ট্যারিফ ভাউচার (STV) চালু রাখতে হবে। এই ভাউচারের মাধ্যমে কল, এসএমএস এবং ডেটা পরিষেবা পাওয়া যাবে।
নতুন নিয়মে গ্রাহকদের জন্য একাধিক সুবিধার কথা বলা হয়েছে। যেমন—
৩০ দিনের রিচার্জ প্ল্যান: প্রতি মাসে একই তারিখে রিচার্জ করা যাবে। ফলে বছরে ১৩ বারের বদলে ১২ বার রিচার্জ করলেই চলবে।
শুধুমাত্র কল ও এসএমএসের প্ল্যান: যাঁদের ইন্টারনেটের প্রয়োজন নেই, তাঁরা শুধু কথা বলা এবং মেসেজ করার জন্য রিচার্জ করতে পারবেন। অপ্রয়োজনীয় ডেটার জন্য বাড়তি টাকা খরচ করতে হবে না।
বাজেট অনুযায়ী রিচার্জ: কম খরচে পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের হাতে আরও বিকল্প থাকবে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি টেলিকম সংস্থাকে অন্তত একটি এমন স্পেশাল ট্যারিফ ভাউচার রাখতে হবে, যা প্রতি মাসে একই তারিখে পুনরায় রিচার্জ করা যাবে। কোনও মাসে সেই তারিখ না থাকলে মাসের শেষ দিনেই রিচার্জের মেয়াদ পুনর্নবীকরণ হবে।
SRFTI-তে অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, পড়ুয়া-আয়োজকদের সংঘাতে উত্তপ্ত ক্যাম্পাস
পাশাপাশি, মাসে মাসে পুনরায় রিচার্জ করা যায় এমন প্ল্যানের থেকেও বেশি মেয়াদের অন্তত একটি ভাউচার রাখতে হবে সংস্থাগুলিকে। বাকি স্পেশাল ট্যারিফ ভাউচারগুলির মেয়াদ হবে ৩০ দিন বা তার কম।
মার্চেই সংসদে প্রস্তাব দিয়েছিলেন রাঘব চাড্ডা
রিচার্জের এই সমস্যা নিয়ে এর আগেও সরব হয়েছিলেন রাঘব চাড্ডা। তাঁর দাবি, বহু গ্রাহক দীর্ঘদিন ধরে রিচার্জের সীমিত বিকল্প এবং ২৮ দিনের মেয়াদ নিয়ে সমস্যার কথা জানিয়েছিলেন। সেই অভিযোগের ভিত্তিতেই গত ১১ মার্চ সংসদে বিষয়টি তুলেছিলেন তিনি। তখন তিনি আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ ছিলেন।
রাঘবের বক্তব্য ছিল, ২৮ দিনের রিচার্জকে মাসিক প্ল্যান বলা হলেও বাস্তবে তা এক মাসের সমান নয়। কারণ, ২৮ দিন অন্তর রিচার্জ করলে বছরে ১৩ বার টাকা দিতে হয়। অথচ সাধারণত এক বছরে ১২ মাস। ফলে গ্রাহকদের অতিরিক্ত একবার রিচার্জ করতে হয়।
রবিবার নিজের পোস্টে এই সমস্যার সমাধানের কথা তুলে ধরে তিনি লেখেন, যাঁরা এতদিন রিচার্জের সীমিত বিকল্প নিয়ে তাঁদের উদ্বেগের কথা জানিয়েছিলেন, তাঁদের সমস্যার কথা তিনি সংসদে তুলে ধরেছিলেন। গ্রাহকদের সুবিধা এবং পছন্দের সুযোগ বাড়ানোর জন্য কেন্দ্র সরকার ও ট্রাইকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। (30 Days Recharge Plan)
সব মিলিয়ে, নতুন নিয়ম কার্যকর হলে মোবাইল রিচার্জের ক্ষেত্রে গ্রাহকদের হাতে আরও বেশি বিকল্প আসবে। বিশেষ করে যাঁরা কম খরচে শুধু কল ও এসএমএস পরিষেবা ব্যবহার করেন, তাঁদের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। তবে কোন সংস্থা কী দামে এবং কবে থেকে নতুন প্ল্যান চালু করবে, তা সংস্থাগুলির ঘোষণার উপরই নির্ভর করবে।













2 thoughts on “২৮ নয় এবার মিলবে ৩০ দিনের রিচার্জ প্ল্যান, মোবাইল গ্রাহকদের জন্য সুখবর”
Comments are closed.