ভোটগণনার দিনেই অশান্তির ছবি ধরা পড়ল শিল্পাঞ্চল আসানসোলে। সোমবার সকাল থেকে যখন কড়া নিরাপত্তার মধ্যে গণনা কেন্দ্রের ভিতরে ভোটগণনা চলছে, ঠিক সেই সময়ই কেন্দ্রের বাইরে রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, গণনা কেন্দ্র থেকে কিছুটা দূরে থাকা তৃণমূল কংগ্রেসের অস্থায়ী ক্যাম্প অফিসে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। (Election Counting Day)
স্থানীয় সূত্রে দাবি, বিজেপির পতাকা হাতে কয়েকজন যুবক ওই ক্যাম্প অফিসে ঢুকে পড়ে এবং ভাঙচুর শুরু করে। চেয়ার-টেবিল ভাঙচুরের পাশাপাশি ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে হামলাকারীদের বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে পরিণত হয়। অভিযোগ, তৃণমূল কর্মীদের উপর বেধড়ক মারধর করা হয়, যার জেরে বেশ কয়েকজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। (Election Counting Day)
ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে মাইকিং করে সতর্ক করা হয়, এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লাঠিচার্জ করে ভিড় ছত্রভঙ্গ করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে সাধারণ মানুষও আতঙ্কিত হয়ে পড়েন।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে বিজেপি সমর্থকরা, যাতে গণনার দিনে আতঙ্ক তৈরি করা যায়। অন্যদিকে বিজেপির তরফে পাল্টা দাবি, এই অভিযোগ ভিত্তিহীন এবং ঘটনাকে রাজনৈতিক রঙ দেওয়ার চেষ্টা চলছে। (Election Counting Day)
ঘটনার পর এলাকায় কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। এক পুলিশ আধিকারিক জানান, “গণনা কেন্দ্রের বাইরে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গে বাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোনও রকম বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না।”
গণনার দিন এমন অশান্তির ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে প্রশাসনিক মহলে। পরবর্তী সময়ে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, তার জন্য নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।










2 thoughts on “Election Counting Day: আসানসোলে গণনার দিনেই অশান্তি, তৃণমূল ক্যাম্প অফিসে হামলা-ভাঙচুরের অভিযোগ”