বেতন বকেয়া থাকার অভিযোগে কার্যত অচল হয়ে পড়ল বাঁশবেড়িয়া পুরসভার সাফাই ব্যবস্থা। দীর্ঘদিন ধরে নির্দিষ্ট সময়ে বেতন না মেলায় ক্ষোভে ফুঁসছেন পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা। সোমবার থেকে কাজ বন্ধ করে দেওয়ার পর মঙ্গলবার পুরসভার মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভে সামিল হন শতাধিক কর্মী। তাঁদের দাবি, বেতন না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। (Bansberia Municipality)
সম্প্রতি বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান তাপস মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান শিল্পী চট্টোপাধ্যায়সহ একাধিক কাউন্সিলর পদত্যাগ করেছেন। আন্দোলনরত কর্মীদের অভিযোগ, পদ ছাড়ার আগে চেয়ারম্যান জানিয়েছিলেন শ্রমিকদের বেতন বাবদ প্রয়োজনীয় অর্থ সংরক্ষিত রয়েছে। এমনকি প্রায় ২ কোটি টাকা শ্রমিকদের বেতন প্রদানের জন্য রেখে যাওয়ার কথাও বলা হয়েছিল। কিন্তু বাস্তবে এখনও পর্যন্ত বেতন মেলেনি। (Bansberia Municipality)
সাফাই কর্মীদের বক্তব্য, আগে প্রতি মাসের ৭ তারিখের মধ্যে বেতন দেওয়া হলেও এখন সেই সময়সীমা ক্রমশ পিছিয়ে যাচ্ছে। কখনও ১০, কখনও ১৬, আবার কখনও মাস শেষ হয়ে গেলেও বেতন হাতে আসছে না। ফলে সংসার চালাতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। মাসিক মাত্র ৬ হাজার টাকা মজুরি পান বলে দাবি শ্রমিকদের। পাশাপাশি কোনও সামাজিক সুরক্ষা বা সরকারি সুবিধাও তাঁরা পান না বলে অভিযোগ। (Bansberia Municipality)
আন্দোলনকারী শ্রমিক বাবলু হরিজনের দাবি, পুরসভার একাধিক আধিকারিকের কাছে বিষয়টি জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। তাঁদের কথায়, চেয়ারম্যান যদি শ্রমিকদের বেতনের টাকা রেখে গিয়ে থাকেন, তাহলে সেই অর্থ কোথায় গেল, তার জবাব প্রশাসনকে দিতে হবে।
শ্রমিকদের দাবি, বর্তমানে প্রায় ৮০০ সাফাই কর্মী আন্দোলনে সামিল রয়েছেন এবং ১ থেকে ২২ নম্বর ওয়ার্ড পর্যন্ত সমস্ত সাফাই কাজ বন্ধ রয়েছে। উল্লেখ্য, গত মাসেও একই ইস্যুতে বিক্ষোভের সময় সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছিলেন। এবারও সমস্যার সমাধানে তাঁর হস্তক্ষেপের আশায় তাকিয়ে রয়েছেন অভিভাবকহীন পুরসভার সাফাই কর্মীরা। (Bansberia Municipality)
আরও পড়ুন :- হাড়হিম করা ঘটনা হাওড়া সাঁকরাইলে, কোনও রকমে প্রাণরক্ষা স্বর্ণ ব্যবসায়ীর









