নিজেকে অনকোলজিস্ট চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন। শেষ পর্যন্ত রোগী সেজে চেম্বারে হানা দিয়ে এক ভুয়ো চিকিৎসককে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের ঘাসিয়ারা এলাকায়। ধৃতের নাম বিশ্বরূপ আচার্য। (Fraud Doctor)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বরূপ বহুদিন ধরেই নিজেকে ক্যানসার বিশেষজ্ঞ বা অনকোলজিস্ট চিকিৎসক বলে পরিচয় দিতেন। শুধু তাই নয়, নিজের নামের সঙ্গে এমবিবিএস, এফআরসিএস-সহ একাধিক ডিগ্রি ব্যবহার করতেন বলেও অভিযোগ। তদন্তে প্রাথমিক ভাবে ওই ডিগ্রিগুলির সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশের দাবি, বিশ্বরূপের মোট আটটি চেম্বার ছিল। সেখানে রোগী দেখার জন্য প্রত্যেকের কাছ থেকে ৮০০ টাকা করে ভিজিট নিতেন তিনি। সম্প্রতি ঘাসিয়ারা এলাকায় একটি বাড়িতে নতুন করে চেম্বার খোলেন অভিযুক্ত। তাঁর গতিবিধি নিয়ে সন্দেহ তৈরি হওয়ায় ওই বাড়ির মালিক বিষয়টি পুলিশকে জানান। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে পুলিশ।
এরপর পরিকল্পনা করে রোগী সেজে ওই চেম্বারে পৌঁছন তদন্তকারীরা। সেখানে গিয়ে অভিযুক্তের পরিচয় এবং তাঁর চিকিৎসা সংক্রান্ত যোগ্যতার বিষয়ে খোঁজ নেওয়া হয়। প্রাথমিক তদন্তেই তাঁর ব্যবহৃত ডিগ্রি ও পরিচয় নিয়ে একাধিক অসঙ্গতি পুলিশের নজরে আসে। এরপরই বিশ্বরূপ আচার্যকে গ্রেফতার করা হয়। (Fraud Doctor)
BJP-তে কি যোগ দিচ্ছেন NCPI-এর ১৭ সাংসদ? চাঞ্চল্যকর দাবি, জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার
এই প্রসঙ্গে যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি সুকান্ত সাহা বলেন, পূর্বতন সরকারের আমলে পশ্চিমবঙ্গে সব ডিপার্টমেন্টেই ভুয়ো আধিকারিক ছিল। তাই এই ভুয়ো ডাক্তারও নতুন কিছু নয়। এই দুর্নীতির তল খুঁজতে গেলে শেষ হবে না। তবে নতুন সরকার এসে রাজ্যের মানুষের জন্য একাধিক জনকল্যাণমূলক কাজ করছে এবং মানুষকে সব রকমের পরিষেবা দেওয়ার প্রচেষ্টা চলছে।
এই ঘটনার পর পুলিশের তদন্তে এখন উঠে আসছে আরও বেশ কিছু প্রশ্ন। যদি তিনি সত্যিই চিকিৎসক না হন, তাহলে এতদিন ধরে কীভাবে বিভিন্ন জায়গায় চেম্বার চালিয়ে রোগী দেখছিলেন? তাছাড়া তাঁর কাছে থাকা এমবিবিএস, এফআরসিএস-সহ অন্যান্য ডিগ্রির নথি কোথা থেকে এল? এই নথিগুলি আদৌ ভুয়ো কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দীর্ঘদিন এলাকায় এইভাবে ভুয়ো ডাক্তারের রমরমা ধরা পড়তেই স্বাভাবিকভাবে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মানুষের স্বাস্থ্য নিয়ে ছেলেখেলা বন্ধ হোক, চাইছেন এলাকাবাসী। (Fraud Doctor)











1 thought on “রোগী সেজে চেম্বারে পুলিশ, সোনারপুরে হাতেনাতে গ্রেফতার ভুয়ো ডাক্তার”