তোলাবাজির অভিযোগে এবার পুলিশের জালে রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিভাস মুখোপাধ্যায় ওরফে মনু (Monu Mukherjee Arrested)। বুধবার রাতে গড়িয়ার রুবি সংলগ্ন বাইপাস এলাকার একটি হোটেল থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর বিভাস মুখোপাধ্যায়কে গড়িয়ার পাঁচপোতায় তাঁর বাড়ি ও অফিসে নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, পাঁচপোতা বদনচন্দ্র ইন্দুমতি হাইস্কুলের পাশেই মনু মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। সেখানেই চলত অফিস। রাতে সেখানেই তাঁকে নিয়ে যাওয়া হয়। সেই সময় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ‘চোর চোর’ স্লোগান তোলার পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ডিমও ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্বতন সরকারের আমলে একাধিক এলাকায় জোর করে টাকা তোলার অভিযোগ ছিল বিভাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। সরকার পরিবর্তনের পর এ সংক্রান্ত অভিযোগ থানায় জমা পড়তেই তদন্ত শুরু হয় এবং শেষ পর্যন্ত কাউন্সিলারকে গ্রেফতার করা হয়। (Monu Mukherjee Arrested)
আরও পড়ুন: যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়িতে সরকারি ত্রাণ! উদ্ধার ‘২০০ পিস ধুতি,৩০০ হ্যান্ডলুম শাড়ি’
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কোনও নতুন দোকান তৈরি করলে বা কেউ নতুন বাড়ি বানালে কিংবা কেউ বাড়ি সংষ্কার করলে সেখান থেকে টাকা তুলত মনু ও তাঁর দলবল। এই নিয়ে গত কয়েক বছরে অভিযোগ জানিয়েছিলেন বাসিন্দারা। এরসঙ্গে থ্রেট কালচার চলত বলেও অভিযোগ।
উল্লেখ্য, সরকার বদলের পর এই নিয়ে রাজপুর-সোনারপুর পুরসভার তৃতীয় কাউন্সিলার গ্রেফতার হলেন। একই রাতে গ্রেফতার করা হয়েছে বিভাস মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী পাপাইকেও। অভিযোগ, পাপাইয়ের মাধ্যমেই বিভিন্ন জায়গা থেকে টাকা তোলা হতো। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। (Monu Mukherjee Arrested)










1 thought on “গ্রেফতার রাজপুর-সোনারপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনু মুখোপাধ্যায়”