ঝাড়গ্রামের বিনপুরের এক ICDS কেন্দ্রে পরিবেশিত খিচুড়িতে টিকটিকি পাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। (ICDS Food Poisoning) খাবার খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩০ জন মা ও শিশু। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজ নেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।
ঝাড়গ্রাম জেলার বিনপুর ১ নম্বর ব্লকের আখড়াগোড়া ICDS কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ঘটে এই ঘটনা। (ICDS Food Poisoning) স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কেন্দ্রে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জনের জন্য খিচুড়ি রান্না ও পরিবেশন করা হয়েছিল। অভিযোগ, খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অন্তত ৩০ জনের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং শারীরিক অস্বস্তির উপসর্গ দেখা দেয়।
(ICDS Food Poisoning) ঘটনার সূত্রপাত হয় যখন কয়েকজন অভিভাবক শিশুদের খাওয়ানোর সময় খাবারের মধ্যে একটি টিকটিকি দেখতে পান। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। অসুস্থদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে চিকিৎসকেরা তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করেন। বর্তমানে সকলেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।
ICDS কেন্দ্রের কর্মী বাসন্তী রায় জানান, কয়েকজন অভিভাবক খাবার বাড়িতে নিয়ে গিয়েছিলেন। তাঁদের মধ্যে একজন মা নিজের শিশুকে খাওয়ানোর সময় দু’চামচ খাওয়ানোর পর খাবারের মধ্যে টিকটিকি দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি কেন্দ্রে ফিরে এসে বিষয়টি জানান। এরপর তাঁকে শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। বাসন্তী রায় বলেন, “আমাদের কেন্দ্রে মা ও শিশু মিলিয়ে মোট ৬১ জন উপভোক্তা রয়েছে।”
আরও পড়ুন: দলের সাধারণ সম্পাদকই ভরসা রাখলেন না! অভিষেকের মামলা থেকে সরে ক্ষোভ শীর্ষণ্যের, বিস্ফোরক কল্যাণও
স্থানীয় বাসিন্দা মলিনা চালন জানান, তাঁর এক বছর এক মাস বয়সি নাতির জন্যও ওই খাবার নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, “আমার বৌমা যখন বাচ্চাকে খাওয়াচ্ছিল, তখন তিন চামচ খাওয়ানোর পর খাবারের মধ্যে টিকটিকি দেখতে পান। খবর পেয়ে আমরা ভয় পেয়ে যাই। তারপর ICDS কেন্দ্রে এসে দিদিমণিকে দেখাই এবং সেখান থেকে হাসপাতালে নিয়ে আসি।”
আরও এক স্থানীয় বাসিন্দা কাজল চালনের দাবি, “যাঁরা শেষে খাবার খেয়েছিল, তাঁদের ভাগেই টিকটিকি পড়েছিল। খাওয়ার সময়ই বিষয়টি নজরে আসে।”
এদিকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক জানান, আপাতত আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। (ICDS Food Poisoning) তাঁর কথায়, “শিশুদের মধ্যে কোনও প্যানিক তৈরি হয়নি। সবাই স্থিতিশীল অবস্থায় রয়েছে। কারও পেটে ব্যথার অভিযোগ নেই। রক্ত পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এবং উপসর্গ দেখে পরবর্তী চিকিৎসা করা হবে। সাধারণত এ ধরনের ক্ষেত্রে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।”
ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছান ঝাড়গ্রাম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ। সঙ্গে ছিলেন ঝাড়গ্রামের SDPO সামীম বিশ্বাস, লালগড় থানার IC সঞ্জীব ঘোষ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক।
(ICDS Food Poisoning) লক্ষ্মীকান্ত সাউ বলেন, “খাবার তৈরির সময় একটি ছোট টিকটিকি খিচুড়ির মধ্যে পড়ে গিয়েছিল। টিকটিকিটি মারা গেলেও সম্পূর্ণভাবে গলে বা সেদ্ধ হয়ে যায়নি। তাই আতঙ্কের কোনও কারণ নেই। ২৬ জনের প্রাথমিক চিকিৎসা হয়েছে। সবাই সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রক্ত পরীক্ষার জন্য নমুনা নেওয়া হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষনে রাখা হয়েছে। BDO, SDPO, IC এবং স্বাস্থ্যকর্মীরা পুরো বিষয়টির উপর নজর রাখছেন। প্রয়োজনীয় অ্যাম্বুল্যান্স ব্যবস্থাও রাখা হয়েছে।”
ঘটনার পর থেকেই ICDS কেন্দ্রের খাদ্যের গুণগত মান, রান্নার পরিবেশ এবং স্বাস্থ্যবিধি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে ঘটনার খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: ওমান উপকূলে আমেরিকান সেনার হামলায় মৃত্যু ৩ ভারতীয় নাবিকের, কড়া প্রতিবাদ ভারতের










