খাবারের দোকানের রান্নাঘর নোংরা, মেঝেতে জমে থাকা তেল-কালি, কোথাও আবার প্রয়োজনীয় নথিপত্রের ঘাটতি-খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে এমন ছবি সামনে আসার পর এবার কার্যত বদলে যাচ্ছে টাকির একাধিক হোটেল ও রেস্তরাঁর চেহারা। বন্ধ হয়ে যাওয়া দোকানগুলিতে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো তৈরির কাজ। কোথাও নতুন টাইলস, কোথাও মার্বেলের মেঝে, আবার কোথাও আসছে নতুন রান্নার সরঞ্জাম।
Restaurant Kitchen Makeover: অভিযানের পর কড়া নির্দেশ প্রশাসনের
সম্প্রতি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা সপ্তাহ উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে বসিরহাট মহকুমার বিভিন্ন এলাকায় খাবারের দোকান, হোটেল ও রেস্তরাঁয় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দফতর। টাকি শহরেও একাধিক প্রতিষ্ঠানে গিয়ে খাদ্য সুরক্ষা বিধি, রান্নাঘরের পরিবেশ এবং পরিচ্ছন্নতার মান খতিয়ে দেখা হয়।
পরিদর্শনের সময় বেশ কিছু জায়গায় অনিয়ম ও অপরিচ্ছন্নতার ছবি সামনে আসে। এরপর কয়েকটি হোটেল ও রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়, প্রয়োজনীয় সমস্ত সরকারি কাগজপত্র ও নথি ঠিক না করা পর্যন্ত প্রতিষ্ঠান খোলা যাবে না। পাশাপাশি রান্নাঘর-সহ দোকানের ভিতর ও বাইরের পরিবেশ পরিষ্কার করে খাবার তৈরি ও পরিবেশনের উপযুক্ত পরিকাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়।
নোংরা রান্নাঘর থেকে মডিউলার কিচেন
প্রশাসনের সেই নির্দেশের পরই টাকিতে দেখা যাচ্ছে বদলের ছবি। যে রান্নাঘর এতদিন কালি-ঝুলি, ময়লা এবং জমে থাকা তেলের কারণে অপরিচ্ছন্ন হয়ে ছিল, সেখানেই এখন শুরু হয়েছে সংস্কারের কাজ। কোথাও দেওয়ালে নতুন রং করা হচ্ছে, কোথাও লাগানো হচ্ছে নতুন টাইলস। অনেক জায়গায় মেঝেতে বসছে মার্বেল। পাশাপাশি নতুন রান্নার সামগ্রী ও প্রয়োজনীয় সরঞ্জামও আনা হচ্ছে।
শুধু দোকানের চেহারা বদলালেই হচ্ছে না। প্রয়োজনীয় সরকারি নথিপত্র ও কাগজপত্রও দ্রুত তৈরি করে নেওয়ার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। প্রশাসন ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরাও এই উদ্যোগকে ইতিবাচক বলেই মনে করছেন বলে জানা গিয়েছে।
দেখা করতে চাওয়ায় খুদে ভক্তকে ধাক্কা, গণেশ পুজোয় যা করলেন সলমন
এবার সংস্কারের কাজ শেষ হলে ফের সরেজমিনে পরিদর্শন করবেন প্রশাসন ও খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। খাদ্য সুরক্ষা বিধি, পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় নথিপত্র সবকিছু খতিয়ে দেখার পর নিয়ম মেনে চলা প্রতিষ্ঠানগুলিকেই ফের ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হবে। (Restaurant Kitchen Makeover)
তবে টাকির মতো গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে প্রায় বন্ধ হয়ে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের চোখে পড়ার মতো ভোলবদল দেখে সাধারণ মানুষও খুশি। তাঁদের দাবি, এই অভিযান শুধু সাময়িকভাবে না হয়ে, নিয়মিত চললে স্বাস্থ্যসম্মত পরিবেশে তৈরি নিরাপদ খাবারই মানুষের পাতে পৌঁছবে।







