রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওএ পর এবার শিলিগুড়িতে আনুষ্ঠানিকভাবে দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সোমবার শিলিগুড়ির মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে পর্যটন দফতরের কার্যালয়ে দায়িত্ব নেন। দফতরের আধিকারিকরা পর্যটনমন্ত্রীকে সংবর্ধনা জানান এবং নতুন দায়িত্বের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করেন। (Shankar Ghosh)
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। তাঁর বক্তব্য, শুধু দেশের পর্যটকদের কাছেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও বাংলার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ নেওয়া হবে। পাহাড়, ডুয়ার্স, জঙ্গল, চা-বাগান থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রকে নতুনভাবে প্রচারের পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। (Shankar Ghosh)
পর্যটনমন্ত্রী জানান, আগামী ১৭ তারিখ গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি পর্যটন শিল্পের উন্নয়ন সংক্রান্ত একাধিক প্রস্তাব উত্থাপন করবেন। সেই প্রস্তাবগুলির মধ্যে বেশ কিছু বিষয় পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও আলোচনার জন্য তোলা হতে পারে। পর্যটন পরিকাঠামো উন্নয়ন, নতুন প্রকল্প এবং পর্যটক পরিষেবার মানোন্নয়নের বিষয়গুলি সেখানে গুরুত্ব পাবে বলে জানা গিয়েছে। (Shankar Ghosh)
পাহাড় অঞ্চলের দীর্ঘদিনের কিছু সমস্যার কথাও এদিন তুলে ধরেন শংকর ঘোষ। বিশেষ করে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় যানজটের কারণে পর্যটকদের ভোগান্তি পোহাতে হয়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। মন্ত্রীর দাবি, এই বিষয়ে ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে এবং দ্রুত কার্যকর সমাধানের পথ খোঁজা হচ্ছে। (Shankar Ghosh)
আরও পড়ুন :- হাত শিবিরের দরাজ প্রশংসা, কংগ্রেসে যাচ্ছেন অনুব্রত মণ্ডল?









