চুরি করার পর কখনও কখনও ‘ফেরত দেওয়ার’ নীতিতে বিশ্বাসী হতে পারে, বা চোরেরও যে ‘রিটার্ন পলিসি’ থাকতে পারে, নদিয়ার শান্তিপুরের এই ঘটনায় তা যেন হাতেনাতে প্রমাণ! প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং ৫০ হাজার টাকা চুরি হয়েছে বলে দাবি গৃহস্থের। খোয়া যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কিছু গয়না ও নগদ টাকা কালো প্যাকেটে ভরে গৃহস্থের বাড়ির বারান্দায় ফেলে রেখে গেল কে বা কারা। অর্থাৎ, সব নিয়ে পালিয়ে যাওয়ার বদলে চোরের তরফে যেন বলা হল—“সবটা নয়, কিছুটা আপাতত ফেরত থাক!” আর এই অদ্ভুত কাণ্ডেই এখন মাথায় হাত পুলিশের। (Shantipur Theft News)
দিনের বেলায় বাড়িতে চুরি
ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার ১৭ নম্বর ওয়ার্ডের রামনগর মিস্ত্রিপাড়া এলাকার। স্থানীয় বাসিন্দা স্মাইল শেখের বাড়িতে সোমবার দিনের বেলায় ঘটে চুরি। পরিবারের সদস্য চায়না বিবি জানান, তিনি স্কুলে গিয়েছিলেন। বাড়ি ফিরে দেখেন, শোকেস ভাঙা, ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং গয়না ও টাকা উধাও। পরিবারের দাবি, প্রায় ৮ লক্ষ টাকার সোনার গয়না এবং ৫০ হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। (Shantipur Theft News)
২৪ ঘণ্টার মধ্যেই ‘রিটার্ন ডেলিভারি’!
চুরির খবর পেয়ে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। ২৪ ঘণ্টার মধ্যেই এক সন্দেহভাজনকে আটক করা হয়। কিন্তু তার মধ্যেই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ঘটে আরও অদ্ভুত ঘটনা। বাড়ির বারান্দায় একটি কালো ছেঁড়া প্যাকেট ছুড়ে ফেলে যায় কে বা কারা। শব্দ শুনে বাইরে বেরিয়ে প্যাকেট খুলতেই পরিবারের চোখ কপালে! তার ভিতরে রয়েছে চার জোড়া কানের দুল, একটি সোনার হার, দু’জোড়া বালা, একটি আংটি এবং ২৭০০ টাকা। (Shantipur Theft News)
পরিচিত কেউ কি জড়িত?
চায়না বিবির দাবি, চুরির ঘটনায় পরিচিত বা আশপাশের কেউ জড়িত থাকতে পারে। তাঁর কথায়, বাড়িতে যাতায়াত ছিল বলেই এত কিছু জানার সুযোগ পাওয়া সম্ভব। তবে চোরের ‘ফেরত নীতি’ এখনও সম্পূর্ণ হয়নি। পরিবারের দাবি, একটি হার, দুটি আংটি এবং প্রায় ৩০ হাজার টাকা-সহ আরও কিছু সামগ্রী এখনও নিখোঁজ।
বাকি জিনিস ফেরতের আশায় পরিবার
সায়না বিবি চান, বাকি জিনিসও যেন ফিরে আসে এবং অভিযুক্তের শাস্তি হয়। পুলিশও বাকি সামগ্রী উদ্ধারের আশ্বাস দিয়েছে। ফলে এখন প্রশ্ন একটাই—চোর কি ফের একদিন ‘ডেলিভারি’ দিতে আসবে, নাকি পুলিশের তদন্তেই খুলবে এই রহস্যের আসল দরজা? (Shantipur Theft News)
আরও পড়ুন :- ‘নোংরা জল খাওয়ানো হবে চেয়ারম্যানকে’, বারুইপুরে বিজেপির হুঁশিয়ারি










