আজ থেকে শুরু চলতি বছরের ‘পথ নিরাপত্তা সপ্তাহ’। সোমবার সকালেই পথ-নিরাপত্তা নিয়ে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে, পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনা বৃদ্ধি ও দুর্ঘটনা রোধে বেশ কয়েকটি সংকল্প গ্রহণের কথা বলেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)।
Suvendu Adhikari: ‘নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ’
৩ থেকে ৯ অগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি। পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের উদ্যোগে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সহযোগিতায় সপ্তাহব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির এবারের মূল বার্তা ‘নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ’। সরকার জানিয়েছে, সড়ক নিরাপত্তা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, এটা প্রত্যেক নাগরিকের সামাজিক দায়িত্বও। চালক, মোটরবাইক আরোহী কিংবা পথচারী-সকলের সচেতনতা ও সতর্কতাই সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে (Suvendu Adhikari)।
‘পথ নিরাপত্তা সপ্তাহ’- মুখ্যমন্ত্রীর বার্তা
রোড সেফটি উইক উপলক্ষে নাগরিকদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মেনে চলার আহ্বান জানানিয়েছেন মুখ্যমন্ত্রী। যেগুলো হল- সর্বদা ট্রাফিক আইন ও সিগন্যাল মেনে চলা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালান। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এড়িয়ে চলা, মদ্যপ অবস্থায় গাড়ি না চালানো, চার চাকার গাড়িতে সিটবেল্ট এবং দু’চাকার ক্ষেত্রে মানসম্পন্ন হেলমেট ব্যবহার করা। পাশাপাশি অন্যদেরও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করার আবেদনও জানান হয়েছে।
শুভেন্দু অধিকারীর বক্তব্য, প্রত্যেক নাগরিকের সামান্য সচেতনতা ও দায়িত্বশীল আচরণই সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। তাই নিরাপদ সড়ক গড়ে তোলার লক্ষ্যে সকলকে এই সচেতনতামূলক উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।








