গণনা কেন্দ্রগুলিকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলল প্রশাসন। ভোটগণনাকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন সরেজমিনে পরিদর্শনে যান কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দ। কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে বৈঠক করে তিনি নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি পর্যালোচনা করেন। (West Bengal Election)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধু রাজ্য পুলিশই নয়, কেন্দ্রীয় বাহিনীকেও গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখা হয়েছে। গণনা কেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। স্পষ্ট জানানো হয়েছে, কোনও গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে দলীয় সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে। প্রয়োজনে ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। পাশাপাশি, অতিরিক্ত ভিড় এড়াতে কিছু গণনা কেন্দ্রের সামনে যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ বা গাড়ি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। (West Bengal Election)
এদিন যাদবপুরের আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজে অবস্থিত গণনা কেন্দ্র পরিদর্শন করেন কমিশনার। তাঁর সঙ্গে ছিলেন জয়েন্ট সিপি (ক্রাইম) এবং ডিসি এসএসডি-সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা। পরিদর্শনের সময় নিরাপত্তা ব্যবস্থার প্রতিটি স্তর খতিয়ে দেখা হয়।
এ প্রসঙ্গে পুলিশ কমিশনার অজয় নন্দ বলেন, “থ্রি-টিয়ার সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টগুলি আমরা খতিয়ে দেখেছি। যারা ডিউটিতে থাকবেন তাঁদের ব্রিফিং হয়ে গিয়েছে। কে অথরাইজড, কার পাস থাকবে, কে কোথায় ঢুকতে পারবে—সবকিছু স্পষ্ট করা হয়েছে। পুলিশের দায়িত্ব কোথায় শেষ হবে এবং সিএপিএফ কী ভূমিকা নেবে, তা নিয়েও আলোচনা হয়েছে।” (West Bengal Election)
তিনি আরও জানান, “গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা বলবৎ থাকবে। সমর্থকেরা ওই সীমার বাইরে থাকতে পারবেন। প্রয়োজনে ভিড় বাড়লে ওই এলাকায় যান চলাচল বন্ধ করা বা ঘুরিয়ে দেওয়া হবে।” পাশাপাশি মিডিয়ার জন্য আলাদা সেল এবং নির্দিষ্ট প্রবেশপত্রের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তিনি।
সব মিলিয়ে, ভোটগণনা ঘিরে প্রশাসন কোনওরকম ঝুঁকি নিতে নারাজ। কড়া নিরাপত্তা , নির্দিষ্ট গাইডলাইন এবং বাহিনীর সমন্বিত তৎপরতায় শান্তিপূর্ণভাবে গণনা প্রক্রিয়া সম্পন্ন করাই মূল লক্ষ্য। কমিশনারের পরিদর্শন এবং প্রস্তুতি পর্যালোচনা সেই বার্তাই আরও একবার স্পষ্ট করে দিল যে, আইনশৃঙ্খলা বজায় রাখতে এবার সম্পূর্ণভাবে সতর্ক প্রশাসন।
আরও জানুন : Election Counting: কমলো ভোট গণনা কেন্দ্রের সংখ্যা, কোথায় কোথায় হবে গণনা?










2 thoughts on “West Bengal Election: ত্রিস্তর নিরাপত্তা, গণনার দিন কীভাবে কাজ করবে পুলিশ? জানিয়ে দিলেন কমিশনার”