আজ থেকে চালু হলো অন্নপূর্ণা যোজনায়(Annapurna Yojana) টাকা দেওয়ার প্রক্রিয়া। টাকা ঢুকতে শুরু করল পশ্চিমবঙ্গের মহিলাদের অ্যাকাউন্টে। প্রতি মাসে ৩০০০ টাকা করে দিচ্ছে রাজ্যের নতুন সরকার। মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানিয়েছেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণ করা হয়েছে। কেউ অযোগ্য হলে, তা নিয়ে জানানো যাবে অভিযোগ। বুধবার সাংবাদিক বৈঠকে একথা জানান তিনি। অন্যদিকে এক বিরল ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মানুষ। মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দিতে দেখা গেল তৃণমূল নেতাকে।
বুধবার এমনই ছবি ধরা পড়ল বারুইপুরের সোনার তরী কমিউনিটি হলে। বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেতা তথা বারুইপুর পৌরসভার উপ পুরপ্রধান গৌতম দাস। এদিন সকাল থেকে এলাকার একটি কমিউনিটি হলে সেখানকার মহিলাদের অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দেন তিনি।
তৃণমূল নেতা জানান, সরকারি প্রকল্পের সুবিধে যাতে এলাকার সমস্ত মহিলারা পান, সে কথা মাথায় রেখেই এলাকার কাউন্সিলর তথা উপ পুরপ্রধান হিসেবে তিনি মহিলাদের ফর্ম পূরণ করতে সাহায্য করছেন। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মহিলাদের তিন হাজার টাকা করে দেওয়ার জন্য রাজ্য সরকারের প্রশংসাও করেছেন তিনি।
আজ পশ্চিমবঙ্গের ২৮ লক্ষ ২৫ হাজারের বেশি মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকল। আগামীতে যাঁরা আবেদন করবেন, ৫-৭ দিনের মধ্যে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। পাশাপাশি, যাঁরা একেবারেই বেরোতে পারবেন না, অনলাইন আবেদন করতে পারবেন না, তাঁদের জন্য বাড়িতে সাহায্যকারী পাঠিয়ে, ফর্ম ফিলআপ-এর দায়িত্ব সরকারের বলে জানান শুভেন্দু। তিনি জানিয়েছেন, আগামী তিন মাস ধরে ফর্ম ফিলআপ এবং যাচাইকরণ প্রক্রিয়া চলবে। যখন কারও আবেদন আসবে, সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। প্রতি সাত দিন অন্তর তালিকায় সংশোধন ঘটানো হবে। সেই মতো সাংবাদিক বৈঠক করে জানানো হবে সুবিধাভোগীদের সংখ্যা। গোটা প্রক্রিয়া সম্পন্ন হলে আগের সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প বাতিল হয়ে যাবে।












1 thought on “বারুইপুরে উলটপুরান, অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করে দিচ্ছেন তৃণমূল নেতা!”